২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ‘খানকাহে’ অগ্নিসংযোগ, ভাংচুর

মাইকে গানবাজনা ও গাঁজার আসর বসানোর অভিযোগে সিলেট নগরীতে মাইজভাণ্ডারের একটি কথিত খানকাহ পুড়িয়ে দিয়েছে জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2011, 05:01 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

সিলেট, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাইকে গানবাজনা ও গাঁজার আসর বসানোর অভিযোগে সিলেট নগরীতে মাইজভাণ্ডারের একটি কথিত খানকাহ পুড়িয়ে দিয়েছে জনতা। রোববার রাতে আলুরতল এলাকায় অবস্থিত একটি বাড়িতে ওই খানকাহে হামলা হয় বলে পুলিশ জানিয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। দমকলের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীর বরাত দিয়ে শাহপরান থানার ওসি এনামুল মনোয়ার জানান, আলুরতল এলাকার শায়েস্তা মিয়ার বাড়িতে প্রতিদিন ‘চিটাগাং মাইজভাণ্ডারী’ নামে ওরশ ও গানের আসর বসে। এখানে মাইকে রাতভর গান-বাজনা হয়। এখানে গাঁজা সেবনও হয় বলে এলাকাবাসী অভিযোগ করেছে, বলেন তিনি। তিনি বলেন, এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হওয়ার অভিযোগে সন্ধ্যায় শতাধিক লোক দেশি অস্ত্রশস্ত্র নিয়ে শায়েস্তা মিয়ার বাড়িতে হামলা চালায়। তারা গানের আসর ভাঙচুর করে ওই বাড়িতে আগুন দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়ির মালিক শায়েস্তা মিয়া জানান, হামলা ও অগ্নিসংযোগের কারণে তার প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৫ ঘ.