লালমনিরহাট, ডিসেম্বর ১১ (বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের জলধর হত্যা মামলার প্রধান আসামি মমতাজ উদ্দিনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকা থেকে মমতাজকে (৫৫) গ্রেপ্তার করা হয় বলে গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে।
রোববার তাকে লালমনিরহাটে ডিবি পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সোমবার আদালতে সোপর্দ করা হবে বলে ডিবি জানিয়েছে।
লালমনিরহাট ডিবি’র ওসি ময়নুল ইসলাম জানান, গত ১৮ নভেম্বর লালমনিরহাটের আদিতমারী উপজেলার রজবপাড়া গ্রামে মমতাজ উদ্দিনের বাড়িতে একই দুর্গাপুর ইউনিয়নের জলধর বর্মনকে জবাই করা হয়।
এ ঘটনায় ২০ জনকে আসামি করে জলধরের বাবা প্রেমানন্দ হত্যা মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন মমতাজ উদ্দিন, তার স্ত্রী নূরজাহান, তাদের মেয়ে রুমী বেগম ও সুমী বেগম। ঘটনার পর থেকেই তারা পলাতক রয়েছেন।
রুমী বেগমের সঙ্গে প্রেমঘটিত কারণে জলধর বর্মনকে খুন করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/২০৩৭ ঘ.
bdnews24