মুন্সীগঞ্জ, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।
শনিবার রাত সোয়া ১০টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায় বলে বিআইডব্লিউটিসি জানিয়েছে।
এতে পদ্মার বিভিন্ন পয়েন্টে আটকা পড়া ১০টি ফেরির যাত্রীদের প্রচণ্ড ঠাণ্ডায় পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
ফেরি ‘ফরিদপুর’-এ থাকা শ্রম ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানও আটকা পড়েছেন বলে বিআইডব্লিউটিসির মাওয়ার এজিএম আশিকুজ্জামান জানান।
তিনি বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, ফেরি ফরিদপুর-এ করে কাওড়াকান্দি থেকে মাওয়া আসছিলেন মুন্নুজান সুফিয়ান। কুয়াশার কারণে আর চলতে না পারায় শরিয়তপুরের কাঠালবাড়ি (ইলিয়াস আহমেদ চৌধুরী) ঘাটে ফেরিটি নোঙর করে মন্ত্রী সেখানে অবস্থান করেন।
ক্রমশ বাড়তে থাকা কুয়াশা না কাটা পর্যন্ত ফেরি সার্ভিস চালু করা সম্ভব নয় বলে তিনি জানান।
বিআইডব্লিউটিসির মাওয়া অফিসের ম্যানেজার (বাণিজ্য) সিরাজুল ইসলাম শনিবার রাত সাড়ে ১০টায় জানান, ঘন কুয়াশায় মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের বিকন বাতিগুলো দেখা না যাওয়ায় ফেরি চালকরা গতিপথ নির্ণয় করতে পারছিলেন না ।
তাই বাধ্য হয়ে মাঝ পদ্মায় যানবাহন ও যাত্রী নিয়ে নোঙর করেছে ফেরি কিশোরী ও টাপলু। মাওয়া ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিলেও ছেড়ে যেতে পারেনি রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, রানীগঞ্জ, কপোতী ও কাবেরী।
কাওড়াকান্দি ঘাটে আটকা পড়েছে ফেরি রানীক্ষেত ও রামশ্রী। শরিয়তপুরের কাঁঠাল বাড়িতে আটকা পড়ে করবী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩৫ ঘ.
bdnews24