গাজীপুর, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে অগ্নিদগ্ধ হয়ে এক শান শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন।
শুক্রবার গভীর রাতে সদর উপজেলার কোনাবাড়ি মসজিদ রোডে এ দুর্ঘটনায় নিহত স্বপন (২৫) স্থানীয় মুরাদ কাঁচি শান ঘরের কর্মচারী। তার বাড়ি পাবনা সদর উপজেলায়।
আহত অপর শ্রমিক মো. আরিফকে (২০) স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানায়, অগ্নিকাণ্ডের সময় হতাহতরা ওই দোকানে ঘুমিয়েছিলেন। গাজীপুর দমকলকর্মীরা প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নেভায় এবং স্বপনের লাশ উদ্ধার করে।
গাজীপুর দমকল বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা আবু জাফর আহমেদ জানান, মুরাদ শান ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর পাশের একটি ইলেকট্রনিকসের দোকান ও সোয়েটার কারখানার জেনারেটর ঘরে ছড়িয়ে পড়ে।
আগুনে ওই তিন প্রতিষ্ঠানের প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২১১০ ঘ.
bdnews24