২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ইউপি সদস্যের লাশ উদ্ধার

নিখোঁজ হওয়ার ছয়দিন পর বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়ন পরিষদের এক সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2011, 12:47 PM

Updated : 24 Aug 2022, 05:21 PM

বরিশাল, ১০ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজ হওয়ার ছয়দিন পর বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়ন পরিষদের এক সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ৪ ডিসেম্বর ফরিদ আহম্মেদ (৪২) নিখোঁজ হন। শনিবার দুপুরে নগরীর বরেরভিটা এলাকায় কালিজিরা নদীতে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়। তিনি জাগুয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বলে জানান সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী এনায়েত হোসেন বাচ্চু। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই হানিফ হাওলাদারকে আটক করা হয়েছে। ফরিদের ছোট ভাই মো. ইউনুস বলেন, ইউপি নির্বাচন নিয়ে প্রতিপক্ষ প্রার্থী জামাল সরদার, দীলিপ ও আনোয়ার হোসেনের সঙ্গে ফরিদের বিরোধ ছিল। এছাড়া জমিজমা নিয়ে চাচা মোতালেব হাওলাদার ও চাচাতো ভাই হানিফ হাওলাদারের সঙ্গেও তার বিরোধ রয়েছে বলে ইউনুস জানান। এরমধ্যে যেকোনো একটি পক্ষ ফরিদকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে তিনি ধারণা করছেন, বলেন ইউনুস। গত ৪ ডিসেম্বর নিখোঁজ হওয়ার পরদিন কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জাগুয়া ইউপি চেয়ারম্যান মোস্তফা চৌধুরী বলেন, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে তার বিরোধ রয়েছে। এছাড়া কয়েকদিন আগে ফরিদের প্রথম স্ত্রী তার চাচাতো ভাইয়ের সঙ্গে পালিয়ে যায়। এসব পরিবারিক বিরোধের কারণে ফরিদকে হত্যা করা হয়ে থাকতে পারে। কোতোয়ালি মডেল থানার পরিদর্শক মো. মতিয়ার রহমান বলেন, ফরিদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। একটি বালুর বস্তাসহ কোমরে রশি বাঁধা রয়েছে। অন্তত তিন-চার দিন আগে তাকে হত্যা করা হয়। নির্বাচন অথবা জমি সংক্রান্ত বিরোধের কারণে এই হত্যাকাণ্ড হতে পারে জানিয়ে তিনি বলেন, তবে বিষয়টি আরো তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৮৪১ ঘ.