২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দূরদর্শী সেই নারী দেখিয়েছিলেন আলোর পথ

নারীর ভাগ্যোন্নয়নে শিক্ষার গুরুত্ব কতোখানি, উনিশ শতকেই তা বুঝতে পেরেছিলেন রোকেয়া সাখাওয়াত হোসেন। এই দূরদর্শী নারীর আদর্শ বাংলাদেশের নারী সমাজকে আরো এগিয়ে নিয়ে যাবে বলেই বিশ্বাস করেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2011, 05:51 AM

Updated : 24 Aug 2022, 05:21 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারীর ভাগ্যোন্নয়নে শিক্ষার গুরুত্ব কতোখানি, উনিশ শতকেই তা বুঝতে পেরেছিলেন রোকেয়া সাখাওয়াত হোসেন। এই দূরদর্শী নারীর আদর্শ বাংলাদেশের নারী সমাজকে আরো এগিয়ে নিয়ে যাবে বলেই বিশ্বাস করেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস শুক্রবার। রাষ্ট্রীয়ভাবে দিনটি পালন করা হচ্ছে ‘রোকেয়া দিবস’ হিসেবে। ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে জন্মগ্রহণ করেন রোকেয়া। ১৯৩২ সালের একই তারিখে তিনি মৃত্যুবরণ করেন। রক্ষণশীল মুসলমান সমাজে বড় হলেও রোকেয়া অনগ্রসর বাঙ্গালি নারীদের শিক্ষার আলোয় নিয়ে আসেন। পরিচিতি পান সাহিত্য ও সমাজ সংস্কারক হিসেবে। রোকেয়া দিবসের বাণীতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেন, “নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এ দেশে নারী শিক্ষার প্রসারে যে ঐতিহাসিক অবদান রেখে গেছেন তা চিরস্মরণীয়। তার দূরদর্শী উপলব্ধি ছিল, নারীর ভাগ্যোন্নয়নে শিক্ষা ও স্বাবলম্বিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। “বেগম রোকেয়ার আদর্শ ও অনুপ্রেরণায় এদেশের নারী সমাজ উন্নয়নের সংগ্রামে আরো এগিয়ে যাবে- এই প্রত্যাশা করি।” প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, “বেগম রোকেয়া ঊনবিংশ শতাব্দীর কুসংস্কারাচ্ছন্ন রক্ষণশীল সমাজের শৃঙ্খল ভেঙ্গে নারীজাতির মধ্যে ছড়িয়ে দেন শিক্ষার আলো।” রোকেয়ার বাবা জহীরুদ্দীন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের আরবী, উর্দু, ফারসি, বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় পারদর্শী ছিলেন। তবে মেয়েদের শিক্ষার ব্যাপারে তিনি ছিলেন রক্ষণশীল। এই পরিবারের মেয়ে রোকেয়ার বিয়ে হয়ে যায় ১৮৯৭ সালে, বয়স ১৬ পেরুনোর আগেই। ডেপুটি ম্যাজিস্ট্রেট স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেনের পদবী যোগ হয়ে বিয়ের পর তার নাম হয় রোকেয়া সাখাওয়াৎ হোসেন। তবে তখনকার সমাজের প্রেক্ষাপটেও সচেতন ও প্রগতিশীল দৃষ্টিভঙ্গির মানুষ সাখাওয়াতের সাহচর্যেই রোকেয়ার জ্ঞানচর্চার পরিধি বি¯তৃত হতে থাকে। স্বামীর উৎসাহ ও সহযোগিতায় দেশি-বিদেশি লেখকদের রচনার সঙ্গে পরিচয় ঘটে তার। ধীরে ধীরে ইংরেজি ভাষাতেও দক্ষ হয়ে ওঠেন। স্বামীর মৃত্যুর পর বেগম রোকেয়া সমাজ সংস্কার ও সমাজ গঠনমূলক কাজে আত্মনিয়োগ করেন। মুসলিম মেয়েদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে প্রতিষ্ঠা করেন সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাইস্কুল। সমাজের কুসংস্কার ও জড়তা দূর করতে অস্ত্র হিসেবে বেছে নেন সাহিত্য চর্চাকে। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে- মতিচুর, সুলতানার স্বপ্ন, পদ্মরাগ, অবরোধবাসিনী। এছাড়া অসংখ্য প্রবন্ধ, ছোটগল্প ও কবিতা রচনা এবং অনুবাদ রয়েছে। নবনূর, সওগাত, মোহাম্মদী, নবপ্রভা, মহিলা, ভারতমহিলা, আল-এসলাম, নওরোজ, মাহে নও এবং বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় তার লেখা নিয়মিত প্রকাশিত হতো। সমাজে নারীর প্রতি অবমাননা, বাল্য বিবাহ এবং বহুবিবাহ প্রথার বিরুদ্ধে তার লেখনী ছিল সোচ্চার। ১৯৬৩ সালে রংপুরে রোকেয়ার নামে একটি কলেজ স্থাপন করা হয়। পরবর্তীতে ১৯৭৯ সালে এটি জাতীয়করণ করা হয়। এছাড়া ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হলের নামকরণ করা হয় তার নামানুসারে। আর বর্তমান সরকার ২০০৯ সালে রংপুর বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়’ করে। রোকেয়া দিবস উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর শুক্রবার সকাল ১০টায় রাজধানীর মোহাম্মদপুর রেসিডেনশিয়াল মডেল স্কুল এন্ড কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়া বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মধ্যম দিয়ে দিনটি পালন করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১১০০ ঘ.