ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল ছাত্রদলের এক নেতা ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে দাবি করে এতে র্যাবের হাত রয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
নিখোঁজ শামীম হাসান সূর্যসেন হল শাখা ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অনুষদের শিক্ষার্থী।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে শামীমকে খুঁজে বের করতে সরকারের প্রতি অনুরোধ জানায় তার পরিবারের সদস্যরা।
শামীমকে গত ২৮ নভেম্বর রাজধানীর হাতিরপুলে মোতালিব প্লাজার সামনে থেকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেন তারা।
তাকে র্যাব নিয়েছে বলে যে অভিযোগ করছেন, তার পক্ষে প্রমাণ কী- জানতে চাওয়া হলে শামীমের ভাই সাইমুন ইসলাম বলেন, প্রত্যক্ষদর্শী ফলের দোকানদাররা এ তথ্য দিয়েছে। র্যাব-৩ এর একটি দল তাকে ধরে নিয়েছে বলে জানিয়েছে তারা।
এ বিষয়ে র্যাবের সঙ্গে যোগাযোগ করা হলে আইনশৃঙ্খলা দমনে গঠিত বিশেষ এই বাহিনীর মিডিয়া ও লিগ্যাল উইংয়ের পরিচালক মো. সোহায়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন। র্যাব এই নামে কাউকে গ্রেপ্তারও করেনি।”
সাইমুন জানান, র্যাবের সঙ্গে তারা যোগাযোগ করলে তাদেরও একই কথা বলা হয়।
তবে সোহায়েল বলেন, র্যাবের কাছে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগের পক্ষে কোনো প্রমাণ থাকলে তা নিয়ে র্যাবের সঙ্গে যোগাযোগ করতেও শামীমের পরিবারের প্রতি অনুরোধ জানান তিনি।
শামীমের ছোট ভাই সাইমুন বলেন, মোতালিব প্লাজার সামনে থেকে শামীমের সঙ্গী আরো তিন জনকে ধরে নিয়ে যাওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
সাইমুন বলেন, ২৮ নভেম্বর রাত ১০টার দিকে শামীমের সঙ্গে মোবাইল ফোনে তার শেষ কথা হয়। ওই সময় শামীম শাহবাগ এলাকায় রয়েছেন বলে জানিয়েছিলেন। তারপর থেকেই তার ফোন বন্ধ।
শামীম ‘নিখোঁজ’ হওয়ার পর গত ৩ ডিসেম্বর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার।
সাইমুন জানান, ২০০৭ সালে শামীমকে জরুরি বিধিমালায় গ্রেপ্তার করা হয়। কিন্তু তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় আদালত তাকে খালাস দেয়।
“আমার ভাই যদি কোনো অপরাধ করেও থাকে, তার বিচার আদালতে হোক। এভাবে একটা মানুষ নিখোঁজ হয়ে যাবে, এত দিনেও তার সন্ধান পাবো না, এটা কাম্য নয়,” বলেন তিনি।
সংবাদ সম্মেলনে শামীমের মা হাসিনা মমতাজ কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে কোথায় আছে, আমরা কিছুই জানি না। আপনারা আমার ছেলেকে আইন্যা দেন।”
সংবাদ সম্মেলনে বক্তব্যের এক পর্যায়ে সংজ্ঞা হারিয়ে পড়ে যান তিনি। পরে তার জ্ঞান ফেরানো হয়।
শামীম ২০০০-০১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অনুষদে ভর্তি হন। ২০০৮ সালে øাতক শেষ করে মাস্টার্সে ভর্তি হলেও বিভিন্ন কারণে শামীমের শিক্ষাজীবন শেষ হয়নি বলে তার পরিবার জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এসইউ/এমআই/১৭৫৫ ঘ.
bdnews24