ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোকেয়া দিবসে শুক্রবার এ বছরের রোকেয়া পদক দেওয়া হচ্ছে না, অনুষ্ঠানের আগের দিন তা স্থগিতের ঘোষণা এসেছে।
বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে জানানো হয়, অনিবার্য কারণে এই পদক প্রদান অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পরিবর্তিত সময় পরে জানানো হবে।
অনুষ্ঠান স্থগিতের জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দুঃখও প্রকাশ করেছে।
এ বছর রোকেয়া পদকের জন্য মনোনীত হয়েছেন সাবেক প্রাদেশিক পরিষদের সদস্য বেগম মেহেরুন্নেসা খাতুন ও অধ্যাপিকা হামিদা খানম।
শুক্রবার ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রপতি জিল্লুর রহমান তাদের হাতে পদক তুলে দেবেন বলে বুধবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছিলো।
এর আগে রোকেয়া দিবসের অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তদের পদক দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার প্রধানমন্ত্রী দেশে নেই।
বাংলার মুসলিম নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন স্মরণে প্রতি বছর রোকেয়া পদক দেওয়া হয়। পদক প্রাপ্তদের দেওয়া হয় এককালীন ১ লাখ টাকা এবং স্বর্ণপদক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/এমআই/১৬২৫ ঘ.
bdnews24