২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোকমান হত্যা: আলম ফের রিমান্ডে

নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার কাজী নূরে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আবারো হেফাজতে পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2011, 11:46 AM

Updated : 24 Aug 2022, 05:20 PM

নরসিংদী, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার কাজী নূরে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আবারো হেফাজতে পেয়েছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডলের পাঁচ দিনের আবেদনে বুধবার নরসিংদী মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র দাস চার দিন হেফাজত (রিমান্ড) মঞ্জুর করেন। গত ২৯ নভেম্বর নরসিংদীর সাটিরপাড়া এলাকা থেকে আলমকে গ্রেপ্তার করা হয়। তিনি লোকমান হত্যা মামলার এজাহারভুক্ত আরেক আসামি শহর আওয়ামী লীগের সভাপতি মোবারক হোসেন মোবার ছোট বোন জামাই। গত ৩০ নভেম্বর প্রথম দফায় তাকে আট দিনের হেফাজতে নেয় পুলিশ। ১ নভেম্বর রাতে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকায় হাসপাতালে মারা যান নরসিংদীর পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন। তার ভাই মো. কামরুজ্জামান এ ঘটনায় ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন, যাদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা-কর্মী। এ হত্যা মামলায় এখন পর্যন্ত এজাহারভুক্ত এক আসামিসহ মোট আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭৪২ ঘ.