গাইবান্ধা, ০৭ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্থানীয় এক সাংবাদিককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত ফরিদুল ইসলাম রঞ্জু (৪৫) দৈনিক ভোরের ডাক-এর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তিনি রাজাহার ইউনিয়নের কাকসা গ্রামের মোজাহার মণ্ডলের ছেলে।
মঙ্গলবার রাত ৯টার দিকে গোবিন্দগঞ্জের কুকরাইলে ফরিদের লাশ পাওয়া যায়।
গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৯টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার শহরগাছি বাজার থেকে মটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন ফরিদ। বাড়ির কাছেই কুকরাইল এলাকায় পথরোধ করে তাকে জবাই করে লাশ ফেলে যায় দুর্বৃত্তরা।
ময়না তদন্তের জন্য লাশ গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা আক্কাস বলেন, “তার মটর সাইকেলটি ঘটনাস্থলেই ফেলে রেখে গেছে দূর্বৃত্তরা। তাই ধারণা করছি, পূর্বশত্র“তার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
এদিকে পলাশবাড়ী উপজেলায় মঙ্গলবার বিকালে আরেক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা করেছে পুলিশ।
বরিশাল ইউনিয়নের চালিতাদহ গ্রামের একটি ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়ে বলে জানান পলাশবাড়ী থানার ওসি মতিউর রহমান।
নিহত রেজাউল করিম (২২) ওই উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের আসমতপুর গ্রামের আফসার আলীর ছেলে। মটর সাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন তিনি।
ওসি মতিউর রহমান বলেন, “সোমবার রাতে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি রেজাউলের মটর সাইকেলটি ভাড়া করে। এরপর মঙ্গলবার বিকালে তার লাশ উদ্ধার করা হয়।”
তিনি জানান, তাকে হত্যা করে দূর্বৃত্তরা মটর সাইকেলটি নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এনিয়ে থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৫৫৪ ঘ.
bdnews24