কিশোরগঞ্জ, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জে স্বামীর ছোড়া অ্যাসিডে ঝলসে গেছে মরিয়ম নামে এক নববধূর শরীর।
বুধবার ভোরে সদর উপজেলার বেতরাহাটি গ্রামে অ্যাসিড সন্ত্রাসের শিকার হন নববধূ মরিয়ম (২০)।
ঘটনার পর পরই তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
মরিয়ম হাসপাতালে সাংবাদিকদের বলেন, তার দুই দেবর কাশেম ও শহীদ, তাদের বন্ধু কাঞ্চন, মামুন, লালন ও কালামকে নিয়ে তার স্বামী আবু বাক্কার তার ওপর অ্যাসিড ছুড়েছে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবুল হোসেন মাসুম জানান, মরিয়মের পুরো শরীরই ঝলসে গেছে।
মরিয়মের পরিবারের সদস্যরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেতরাহাটি গ্রামের গিয়াসউদ্দিনের কন্যা মরিয়মের সঙ্গে বছর খানেক আগে প্রতিবেশী আবু বাক্কারের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে মরিয়ম গর্ভবতী হয়ে পড়েন।
এ নিয়ে সৃষ্ট দেন দরবারে চাপে পড়ে ‘বাধ্য’ হয়ে মাত্র ১২ দিন পূর্বে আবু বাক্কার মরিয়মকে বিয়ে করে। কিন্ত আবু বাক্কার ও তার পরিবার এ বিয়ে মেনে না নিয়ে বিয়ের পর থেকেই মরিয়মের ওপর নির্যাতন শুরু হয় বলে মরিয়মের পরিবার জানায়।
তারা জানান, বুধবার ভোর ৫টার দিকে মরিয়ম প্রকৃতির ডাকে ঘর থেকে বের হওয়ামাত্র স্বামী আবু বাক্কার তার ছয় সহযোগীকে নিয়ে মরিয়মের গায়ে অ্যাসিড ঢেলে দেয়। এ সময় মরিয়মের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে যায়।
মরিয়মের পাশে থাকা তার মা আম্বিয়া খাতুন বলেন, “বিয়ের পর থেকেই আমার মেয়েকে নির্যাতন করা হচ্ছে। এর প্রতিবাদ করায় মরিয়মের বাবাকেও তিন দিন আগে আবু বাক্কার পিটিয়ে গুরুতর আহত করে। তিনিও এখন হাসপাতালে চিকিৎসাধীন।”
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো এ ঘটনায় কোনো মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/১৫২২ ঘ.
bdnews24