২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বাস পুকুরে, নিহত ৬

পুলিশ বলছে, বাসের ভেতরে ও ছাদ মিলিয়ে ৮৬ জন যাত্রী ছিলো। অতিরিক্ত যাত্রী নিয়ে দ্রুত চালাতে গিয়েই চালক নিয়ন্ত্রণ হারায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2011, 03:19 AM

Updated : 24 Aug 2022, 05:20 PM

রংপুর, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের নজিরের হাট এলাকায় একটি বাস রাস্তার পাশের পুকুরে পড়ে ৬ যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২০ জন। কোতয়ালী থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) সেলিম হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে রংপুরের নজিরেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই তাবলিগ জামায়াতের জোড় ইজতেমায় অংশ নিয়ে ঢাকা থেকে ফিরছিলেন। নিহতদের মধ্যে চার জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- রংপুর শহরের বাবু পাড়ার আাসাদ আলী (৫৫), দর্শনা পানবাড়ি গ্রামের রেজাউল ইসলাম (৪৫), রংপুরের বদরগজ্ঞ উপজেলার উত্তর বাওচণ্ডি গ্রামের সাদেক আলী (৪২) এবং একই উপজেলার বুজরুক হাশিমপুর গ্রামের কফিল উদ্দিন (৪০)। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত যাত্রীরা জানান, চিশতিয়া পরিবহনের বাসটি ঢাকা থেকে রংপুরের বদরগঞ্জ যাচ্ছিল। নজিরের হাট এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে মারা যায় আরো দুই জন। সেলিম বলেন, বাসের ভেতরে ও ছাদ মিলিয়ে ৮৬ জন যাত্রী ছিলো। অতিরিক্ত যাত্রী নিয়ে দ্রুত চালাতে গিয়েই চালক নিয়ন্ত্রণ হারায় বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৯১৩ ঘ.