চট্টগ্রাম, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ-পাকিস্তান খেলা দেখতে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে এসে টিকিট না পেয়ে অনেকে হৈ চৈ শুরু করায় তাদের লাটিপেটা করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর দেড়টায় খেলা শুরু হলেও মধ্যরাত থেকেই স্টেডিয়ামের বাইরে টিকিটের জন্য দাঁড়িয়ে ছিলো হাজার হাজার মানুষ।
সকাল সাড়ে ৯টায় স্টেডিয়ামের ছয়টি কাউন্টার থেকে টিকিট বিক্রি শুরু হয়।
খেলার দিন বিক্রির জন্য ৭ হাজার টিকিট রাখা হলেও ৩০ হাজারের বেশি মানুষ ছিলো টিকিটের অপেক্ষায়। ফলে টিকিট না পেয়ে সকাল ১০টার দিকে শুরু হয় হৈ চৈ।
চট্টগ্রাম মহানগর পুলিশের ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার (এসি) তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরও যারা টিকিট পাননি, তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মৃদু লাঠিচার্জ করে।”
দুপুরে খেলা শুরুর সময় অবশ্য পরিস্থিতি শান্ত হয়ে আসে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর সাংবাদিকদের বলেন, “যে পরিমাণ লোক বাইরে লাইনে ছিলেন, সে পরিমাণ টিকিট ছিল না। কিন্তু সেটা দর্শকদের কে বোঝাবে? তাছাড়া টিকিটের দায়িত্বে আছে গ্রামীণফোন।”
খেলা দেখতে হালিশহর থেকে আসা মামুন ও নজরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মধ্যরাতে লাইনে দাঁড়িয়ে স্থান পাই প্রায় পাঁচশ জনের পেছনে। সকালে টিকেট বিক্রির আধ ঘণ্টার মধ্যেই জানানো হয় সব টিকিট শেষ।
এরপর লাইনে দাঁড়ানো দর্শকরা উত্তেজিত হয়ে ওঠে। এর আগে লাইনে দাঁড়ানো নিয়েও দর্শকদের মধ্যে হাতাহাতি হয় বলে মামুন জানান।
দর্র্শকদের দাবি, পুলিশের লাঠিপেটায় কমপক্ষে ১০ জন আহত হয়।
এ সময় এক জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও তার কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি।
পুলিশ কর্মকর্তা তানভীর বলেন, “এটা শুধুই গুজব।”
তবে লাঠিপেটায় কয়েকজন ‘সামান্য’ আহত হতে পারেন বলে স্বীকার করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমআই/১৪১০ ঘ.
bdnews24