ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশন বিভক্তির বিষয়ে জনমত যাচাই করবে নবগঠিত সংগঠন ‘গণতন্ত্র ও মানবাধিকারের জন্য নাগরিক আন্দোলন’।
সোমবার সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংগঠনের প্রথম বৈঠক শেষে এ কথা বলেন সদস্য সচিব মাহমুদুর রহমান মান্না।
তিনি বলেন, “আমাদের সংগঠন ঢাকা সিটি কর্পোরেশন ভাগের বিরোধিতা করছে। এই সিদ্ধান্ত নেওয়ার আগে ঢাকার জনগণের মতামত নেওয়া দরকার ছিল।”
এ বিষয়ে জনমত জানতে সংগঠনটি জরিপ করবে জানিয়ে মান্না বলেন, জরিপের প্রক্রিয়া ও সময় পরে জানানো হবে।
বৈঠকে নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিক উল হক ছাড়াও আরো উপস্থিত ছিলেন ইংরেজি দৈনিক নিউ এইজ সম্পাদক নূরুল কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল, সমকালের ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান, সাংবাদিক মাহবুব কামাল, অভিনেতা ইলিয়াস কাঞ্চন, ডা. জাফর উল্লাহ চৌধুরী, কন্ঠশিল্পী মাহমুজ্জামান বাবুসহ অনেকে।
গত ২৮ নভেম্বর এই সংগঠনটি আত্মপ্রকাশ করে। সেসময় এটি একটি অরাজনৈতিক সংগঠন বলে জানানো হলেও, সোমবার উদ্যোক্তারা জানান, এটি একটি রাজনৈতিক সংগঠন, তবে দল নয়।
এর ব্যাখ্যা দিতে গিয়ে সদস্য সচিব মাহমুদুর রহমান মান্না বলেন, “একটি রাজনৈতিক দল ক্ষমতার জন্যে কাজ করে। এই সংগঠন রাজনীতি নিয়ে কথা বলবে, মতামত দিতে পারে। কিন্তু কোনভাবেই এটি ক্ষমতার লড়াইয়ে যুক্ত হবে না। তাই একে একটি সংগঠন বা প্লাটফর্ম বলছি, কিন্তু পার্টি নয়।”
সংগঠনের প্রথম বৈঠক শেষে এই সংবাদ সম্মেলনে মান্না বলেন, “আমরা মনে করি, যুদ্ধাপরাধের বিচারের প্রক্রিয়াটি স্বচ্ছ করা দরকার। এটি নিয়ে কথা বলা যেতে পারে, তবে কোনমতেই বিচার বন্ধ করা যাবে না। যারা এটা বন্ধের দাবি করে, আমরা সেটার নিন্দা জানাই।”
ট্রানজিট ও টিপাইমুখ নিয়ে সরকারের ‘স্পষ্ট বক্তব্য’ দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
সদস্য সচিব জানান, প্রথম বৈঠকে ব্যারিস্টার রফিক উল হককে আহ্বায়ক করে একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সংগঠনের গঠন প্রক্রিয়া ও অন্যান্য কার্যাবলী দেখবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/২৩৪৪ ঘ.
bdnews24