ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারারক্ষীদের ফাঁকি দিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার এক আসামি রাজধানীর মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল থেকে পালিয়েছে।
হাসান আলী নামের ওই আসামি সোমবার ভোরে পালিয়ে যায় বলে গুলশান থানায় করা মামলায় উল্লেখ করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মাহবুবুল ইসলাম।
গুলশান থানার শিক্ষানবীশ উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসান আলী গুলশান থানার নারী ও শিশু নির্যাতন আইনের একটি মামলার আসামি। গ্রেপ্তারের পর তাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে রাখা হয়।
সেখানে অসুস্থ হয়ে পড়লে কারা হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে গত ২৬ নভেম্বর তাকে বক্ষ্যব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তার পাহারায় দুইজন কারারক্ষী ছিল।
এ ব্যাপারে কারাগারের একটি দায়িত্বশীল সূত্র জানায়, কর্তব্যে অবহেলার জন্য ওই দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএসটি/এএইচ/পিডি/২০১২ ঘ.
bdnews24