ভোলা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার লালমোহনে অগ্নিকাণ্ডে এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ২০ জন। আগুনে পুড়েছে ৫০টি দোকান।
রোববার মধ্যরাতে বাজারের বিনোদন সিনেমা হল এলাকায় এ অগ্নিকাণ্ড হয় বলে প্রত্যক্ষদর্শী ও অগ্নিনির্বাপক বাহিনী জানায়।
নিহত দুলাল (১৭) বিনোদন সিনেমা হলের মেশিনচালক। তার বাড়ি উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের কিশোরগঞ্জ গ্রামে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মেসার্স নাহার ট্রেডার্সের মালিক মো. হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সোয়া ১১টার দিকে বিনোদন সিনেমা হলের পাশের একটি মুদি দোকানে আগুন জ্বলতে দেখে লোকজন চিৎকার শুরু করে। তবে মুহূতেই আগুন সিনেমা হলসহ আশপাশের প্রায় ৫০টি দোকানে ছড়িয়ে পড়ে।
অগ্নি নির্বাপক বাহিনীর ভোলা, চরফ্যাশন, লালমোহন ও বোরহানউদ্দিনের চারটি ইউনিট দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
হুমায়ুন জানান, তার দোকানের প্রায় ৩০ লাখ টাকার কীটনাশক পুড়ে গেছে। তিনি ব্র্যাক ব্যাংক থেকে ৯ লাখ টাকা ঋণ নিয়ে ব্যবসা করছিলেন।
বাজারের রাকিব ভাণ্ডারের মালিক মোফাজ্জল বকসীর দুটি গুদামে থাকা প্রায় ৭০ লাখ টাকার চাল এবং শিল্পী এন্টারপ্রাইজের মালিক খোরশেদ বকসীর ৬ লাখ টাকার চালসহ নগদ তিন লাখ টাকা পুড়ে গেছে বলে ব্যবসায়ীরা জানান।
অগ্নিকাণ্ডের পরপরই স্থানীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল হাকিম, উপজেলা চেয়ারম্যান এ কে এম নজরুল ইসলাম ঘটনাস্থলে যান এবং উদ্ধার কাজ তদারকি করেন।
সংসদ সদস্য নুরুন্নবী শাওন জানান, বিনোদন সিনেমা হলের হলের ধ্বংসস্তূপ থেকে দুলালের লাশ সোমবার সকালে উদ্ধার করা হয়েছে।
আগুনে প্রায় আট-দশ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করছেন।
উপজেলা চেয়ারম্যান নজরুল জানান, সিনেমা হল, মুদি দোকান, চালের আড়ত, কীটনাশক দোকান, বস্ত্রালয়, তেলের আড়ত, সারের আড়ত, ভুষামালের আড়তসহ ছোটবড় প্রায় অর্ধশত দোকান পুড়েছে।
দমকল বাহিনীর লালমোহন স্টেশন মাস্টার আবু ইউসুফ পান্না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপনে দুই দিন সময় লাগবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/২০০০ ঘ.
bdnews24