২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একাত্তরে চন্দনাইশে হত্যার মামলা ট্রাইব্যুনালে

একাত্তরে চন্দনাইশ উপজেলার এক মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে দায়ের একটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2011, 11:31 AM

Updated : 24 Aug 2022, 05:19 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে চন্দনাইশ উপজেলার এক মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে দায়ের একটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়েছে চট্টগ্রামের একটি আদালত। সোমবার চট্টগ্রামের বিচার বিভাগীয় মুখ্য হাকিম (ভারপ্রাপ্ত) ইব্রাহীম মিয়া এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) চন্দনাইশ থানার ওসি এ এইচ এম মশিউর রহমানের প্রতিবেদনের ভিত্তিতে আদালত এ আদেশ দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বাদির আইনজীবী মাহাবুবুল আলম। মুক্তিযোদ্ধা আবদুস সবুর খানকে হত্যার অভিযোগ এনে গত ২৫ মে চট্টগ্রাম বিচার বিভাগীয় হাকিম ফরিদা ইয়াছমিনের আদালতে মামলাটি করেন তারই সহযোদ্ধা জসিম উদ্দিন চৌধুরী। এতে চন্দনাইশের বৈলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ সৈয়দ চৌধুরী ও তার সহযোগীদের আসামি করা হয়। আদালত ওইদিন ঘটনা তদন্তের জন্য চন্দনাইশ থানার ওসিকে নির্দেশ দিয়েছিলেন। তদন্ত প্রতিবেদনে আসামি আহমদ সৈয়দকে মুক্তিযুদ্ধবিরোধীদের নেতা বলে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ১৯৭১ সালের ২৮ নভেম্বর আহমদ সৈয়দ এবং অন্যান্য ‘রাজাকাররা’ আশপাশের এলাকায় বাড়িঘর লুটপাটসহ সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালায়। পরদিন নিহত মুক্তিযোদ্ধা সবুরের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা রাজাকারদের ক্যাম্প আক্রমণ করে। মামলায় বলা হয়, ১৯৭১ সালের ২৯ নভেম্বর বিকালে চন্দনাইশের বৈলতলী ইউনিয়নের আওয়ামী লীগের সংগঠক আবদুস সবুর খান ও তার সঙ্গীরা মুক্তিযোদ্ধা জসিমের বাড়ি থেকে গোপন বৈঠক শেষে ফেরার পথে তৎকালীন সময়ে শান্তি কমিটির সদস্য আহমদ সৈয়দ চৌধুরীর নেতৃত্বে কয়েকজন রাজাকার বশরতনগর রশিদিয়া মাদ্রাসার সামনে তাদের গুলি করেন।এতে সবুর মারা যান এবং জসিমসহ অন্যান্যরা আহত অবস্থায় পালিয়ে যায়। ঘটনার চার দিন পর শঙ্খ নদীর সেনের চর থেকে সবুরের লাশ উদ্ধার করা হয়। প্রধান আসামি আহমদ সৈয়দ দেশ স্বাধীনের পর পালিয়ে গেলেও রাজনৈতিক পট পরিবর্তনের পর এলাকায় ফিরে আসেন এবং বৈলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। স্থানীয় সাংবাদিকরা জানান, আহমদ সৈয়দ চৌধুরী বিভিন্ন সময়ে বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমআই/১৭২৪ ঘ.