ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলীয় জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করার পক্ষে-বিপক্ষে হাই কোর্টের দুটি আদেশই বাতিল করেছে আপিল বিভাগ।
রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ বিশ্ববিদ্যালয়টির চাকরিচ্যুত ৮০৭ জন কর্মকর্তা-কর্মচারীর পৃথক তিনটি লিভ টু আপিল নিষ্পত্তি করে এই আদেশ দেয়।
আদালত একই সঙ্গে আগামী ২২ জানুয়ারির মধ্যে মূল রিট নিষ্পত্তি করার নির্দেশ দিয়ে স্থিতাবস্থা বজায় রাখতে বলেছে।
ওই সময়ের মধ্যে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে মূল রিট নিষ্পত্তি করতে আপিল বিভাগ নির্দেশ দেয়।
২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ অগাস্ট পর্যন্ত নিয়োগ পাওয়া এ কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া (বর্তমান সরকারদলীয় সংসদ সদস্য) ২০০৪ সালে হাই কোর্টে রিট আবেদন করেছিলেন।
২০০৬ সালে হাই কোর্টের একটি বেঞ্চ রিট আবেদনটি খারিজ করে।
পরে গাজীপুরের সংসদ সদস্য আকম মোজম্মেল হক ২০১০ সালের ১৫ ডিসেম্বর একটি রিভিউ আবেদন করেন। ওই আবেদনে হাই কোর্টের অন্য একটি বেঞ্চ গত ২৩ অগাস্ট ৮০৭ জনকে চাকরিচ্যুত করার আদেশ দেয়।
পরে এই আদেশ বাস্তবায়ন করে ওই কর্মকর্তা ও কর্মচারীদের চাকরিচ্যুত করা হয়। হাই কোর্টের এই আদেশের বিরুদ্ধে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা পৃথক তিনটি লিভ টু আপিল আবেদন করে।
ওই আবেদনের নিষ্পত্তি করে রোববার সকালে আপিল বিভাগ আদেশ দেয়।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, হাই কোর্টে মূল রিট আবেদনে এরা (চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা) শুনানি করতে পারেনি। তাই আদালত তাদের একটি সুযোগ দিল।
আপিল বিভাগে গত বৃহস্পতিবার লিভ টু আপিল শুনানি শেষ হয়।
আবেদনকারীদের পক্ষে আইনজীবী ছিলেন মাহমুদুল ইসলাম, ব্যারিস্টার রফিক উল হক, রোকন উদ্দিন মাহমুদ ও অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৯৫৭ ঘ.
bdnews24