সাভার, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভার পৌর এলাকায় বিদেশি মালিকানাধীন একটি তৈরি পোশাক কারখানায় চুরি হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে কারখানার নিরাপত্তারক্ষীদের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার গভীর রাতে আড়াপাড়া মহল্লায় কোরিয়ান মালিকানার ‘উরী অ্যাপারেলস লিমিটেডে’ চুরি হয় বলে পুলিশ জানিয়েছে।
সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারখানা থেকে ৩০০ রোল শার্টের কাপড়, ২০০টি শার্টসহ ৫৭ লাখ ৬৯ হাজার টাকার মালামাল খোয়া গেছে বলে মালিকপক্ষ দাবি করছে।
কারখানার নিরাপত্তাকর্মীদের সঙ্গে যোগসাজসেই এ চুরির ঘটনা ঘটে। তবে চুরির ঘটনার মূল হোতা নিরাপত্তাকর্মী সাইদুল পালিয়ে গেছে।
এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। কারখানার কর্মকর্তা শফিকুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেছেন বলে জানান ওসি।
গ্রেপ্তার তিনজন হলেন সেফার্ড সিকিউরিটি সার্ভিসের মার্কেটিং কর্মকর্তা (অপারেশন) শাহাদাৎ হোসেন (৪১), নিরাপত্তাকর্মী সাদ্দাম হোসেন (২৫) ও তসির হাওলাদার (৩৫)।
তারা সাংবাদিকদের জানান, তাদের সহকর্মী সাইদুলের দেওয়া বিস্কুট ও কোমল পানীয় খেয়ে তারা অজ্ঞান হয়ে পড়ার পর চুরি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮২৩ ঘ.
bdnews24