ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে মওলানা ভাসানী, এম এ জি ওসমানী ও জিয়াউর রহমানের ছবি ওঠানো নিয়ে হট্টগোল হয়েছে।
রোববার পৌনে ১টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খোন্দকার মাহবুব হোসেন তার কার্যালয়ে জিয়াউর রহমানের ছবি টানান। এর দেড় ঘণ্টার মধ্যে সরকার সমর্থক আইনজীবীরা ছবি নামিয়ে নেয়।
গত ১৭ নভেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এক সাধারণ সভায় মুক্তিযুদ্ধে অবদান রাখার স্বীকৃতি হিসেবে সভাপতি ও সম্পাদকের কক্ষে বঙ্গবন্ধুর পাশাপাশি মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, ওসমানী ও জিয়ার ছবি টানানোর সিদ্ধান্ত হয়।
পরে এ সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে সরকার ও বিরোধী দল সমর্থকরা পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে আসছিলো।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সম্পাদকসহ অধিকাংশ পদ বিরোধী দল সমর্থকদের নিয়ন্ত্রণে।
দুপুরে হরতালের সমর্থনে মিছিল নিয়ে আইনজীবী সমিতির সভাপতির কক্ষে ভাসানী-ওসমানী-জিয়ার ছবি তোলেন বিএনপি সমর্থক আইনজীবীরা।
সভাপতির কক্ষে বঙ্গবন্ধুর ছবি যে স্থানে রয়েছে, তার বিপরীত দিকে এই ছবি তিনটি টানানো হয়।
এ সময় আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব ছাড়াও ছিলেন সম্পাদক মো. বদরুদ্দোজা বাদল, সাবেক সম্পাদক জয়নুল আবেদীন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, নিতাই রায় চৌধুরী প্রমুখ।
দুপুর পৌনে ২টার দিকে সরকার সমর্থক আইনজীবীরা সভাপতির কক্ষের সামনে এসে সুপ্রিম কোর্ট অঙ্গনে ছবি টানানোর বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।
এ সময় বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক লায়েকুজ্জামান মোল্লা, যুগ্ম সম্পাদক ফজলুর রহমান খান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম ও মোতাহার হোসেন সাজু উপস্থিত ছিলেন।
এর প্রায় ১০ মিনিট পর বিরোধী দল সমর্থক একদল জুনিয়র আইনজীবী সমিতির সম্পাদকের কক্ষের সামনে এসে হরতালের সমর্থনে স্লোগান দিতে থাকে।
২টা ৮ মিনিটের দিকে সরকার সমর্থক একদল আইনজীবী পেছনের দরজা ভেঙে সভাপতির কক্ষে ঢুবে জিয়ার ছবি নামিয়ে ফেলে। এর কিছুক্ষণ পর ভাসানী ও ওসমানীর ছবিও নামিয়ে ফেলা হয়।
এ ঘটনার পর দুই পক্ষ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ করে।
সরকার সমর্থক আইনজীবীরা বঙ্গবন্ধুর ছবির পাশে জিয়ার ছবি টানানোর প্রতিবাদে উত্তর হলে সমাবেশ করে।
অন্যদিকে বিরোধী দল সমর্থক আইনজীবীরা সভাপতির কক্ষ ভাংচুর ও ছবি নামিয়ে ফেলার প্রতিবাদে দক্ষিণ হলে সমাবেশ করেছে।
সমাবেশে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য এ বি এম রফিকুল হক তালুকদার বলেন, “সমিতির সাধারণ সভায় তিন জাতীয় নেতার ছবি টানানোর সিদ্ধান্ত হয়। বিধি অনুযায়ী সমিতির সভাপতি ও সম্পাদক এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বাধ্য।”
অন্যদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, “সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি তার কক্ষে বঙ্গবন্ধুর ছবির পাশে জিয়ার ছবি টানিয়ে আজকের ঘটনায় উস্কানি দিয়েছেন। তাই এই ঘটনার দায় দায়িত্বও তার।”
ছবি নামানোর পাশাপাশি সভাপতির কার্যালয়ও ভাংচুর হয়েছে বলে দাবি করেছেন বিরোধী আইনজীবীরা।
তবে বঙ্গবন্ধু আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক ফজলুর রহমান খান বলেন, ভাংচুরের ঘটনা পরিকল্পিত। বিএনপি সমর্থকরাই পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা লুটতে এই ঘটনা ঘটিয়েছে।
ছবি নামানোর বিষয়টি স্বীকার করে তিনি বলেন, “বঙ্গবন্ধুর সমকক্ষ হিসাবে উপস্থাপনের জন্য সভাপতির কক্ষে জিয়ার ছবিসহ তিনটি ছবি টানানোয় আমরা সেগুলো নামিয়ে ফেলেছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৮১৩ ঘ.
bdnews24