খাগড়াছড়ি, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ি বাজারে আগুনে ১৭টি দোকান পুড়ে গেছে।
রোববার ভোরে শহরের শহীদ কাদের সড়কে এ অগ্নিকাণ্ড হয় বলে দমকল বাহিনী জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে খাগড়াছড়ি দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা এস এম হুমায়ুন কারনায়েন জানান, ভোর ৩টার দিকে আগুনের ফুলকি দেখে স্থাণীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস দুইঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।
একটি চা দোকানের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।
আগুনে মুদি, ঔষধ, কাপড়ের দোকান ও ডায়াগনস্টিক সেন্টারের প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৫১ ঘ.
bdnews24