চট্টগ্রাম, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে রেডক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সভায় দুইপক্ষের সংঘর্ষে দুই চিকিৎসকসহ চার জন আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার সকাল ১১টার দিকে নগরীর কিং অব চিটাগাংয়ে এ ঘটনা ঘটে। এসময় দুইপক্ষের কর্মীরা সভাস্থলের বেশ কয়েকটি চেয়ার ভাংচুর করে। দুইপক্ষই সরকারদলীয় সমর্থিত।
এসময় রেডক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় বোর্ড সদস্য নুরুন্নবী চৌধুরী উপস্থিত ছিলেন।
পাঁচলাইশ থানার ওসি ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সভা চলাকালে বক্তব্য দেওয়া নিয়ে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে তা নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেডক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম ইউনিটের বার্ষিক সাধারণ সভা চলাকালে সোসাইটির দাতা সদস্য এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা মিনহাজুর রহমান বক্তব্য দিতে ওঠেন।
একপর্যায়ে তিনি দুর্নীতি নিয়ে কথা বলা শুরু করলে সোসাইটির সহ-সভাপতি চিকিৎসক শেখ শফিউল আজমের সমর্থকরা তাকে বাধা দিয়ে বক্তব্য থামিয়ে দেয় এবং মাইক কেড়ে নিয়ে নাজেহাল করেন। এসময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি হয়।
আহত চিকিৎসক মিনহাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাউকে কথা বলার সুযোগ না দিয়ে সভার কাজ দ্রুত শেষ করতে চেয়েছিল। নেতাদের দুর্নীতি নিয়ে বক্তব্য দিতে গেলে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।”
মোট চার জন এ ঘটনায় আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
শেখ শফিউল আজম দাবি করেন, একজন বক্তব্য রাখতে গিয়ে উল্টা-পাল্টা বক্তব্য দেওয়ায় কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়েছিল। পরে সাধারণ সভার কাজ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
শফিউল বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার সভাপতি এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
এ ঘটনায় মামলা হয়নি বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৭০৪ ঘ.
bdnews24