ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে ঢাকার নতুন দুই সিটি কর্পোরেশন নির্বাচন করতে হলেও এই সময়ে তা সম্ভবপর নয় বলে মনে করছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।
এর কারণ হিসেবে তিনি দেখিয়েছেন কর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হওয়াকে। এ বিষয়টি সরকারকেও জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
ঢাকা ভেঙে নতুন দুই সিটি কর্পোরেশনে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয় চিঠি পাঠানোর পর তা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ছহুল হোসাইন। তার সঙ্গে অন্য নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনও ছিলেন।
তবে প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা দেশের বাইরে থাকায় ডিসিসি নির্বাচনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত ইসি এখনো জানায়নি।
ছহুল বলেন, “আমাদের মেয়াদই আর ৯০ দিন নেই। তাই কোনো নির্বাচন অর্ধেক করতে চাই না। সুষ্ঠু নির্বাচনের জন্য এ টু জেড পরিকল্পনা এক নির্বাচন কমিশনেরই করা উচিত।”
বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ ফেব্র“য়ারিতে শেষ হচ্ছে। তাই তার আগে শুধু তফসিল ঘোষণা করে গেলে অনেক জটিলতা হতে পারে বলে মনে করেন ছহুল।
“আমরা শুরু করতে পারতাম, কিন্তু না করাই ভালো। কারণ নতুন কমিশন এসে নিজস্ব পরিকল্পনায় নির্বাচন করতে পারে। এই জন্য আমরা নির্বাচনটা করতে চাই না,” বলেন তিনি।
স্থানীয় সরকার বিভাগ চিঠি পাঠানোর কথা জানালেও তা দুপুর পর্যন্ত ইসিতে পৌঁছেনি বলে জানান ছহুল।
তিনি বলেন, “চিঠি পেলে কমিশন সভায় আলোচনা করে আমাদের অসুবিধার কথাই চিঠির জবাবে জানাবো।”
১০ ডিসেম্বর সিইসি দেশে ফিরলে কমিশন সভায় সার্বিক বিষয়ে আলোচনা হবে বলে জানান ছহুল।
এর আগে গত বুধবার সাখাওয়াত হোসেনও বলেছিলেন, তাদের পক্ষে এই সময়ে নির্বাচন করা জটিল হবে।
সংশোধিত আইন অনুযায়ী, ৯০ দিনে নির্বাচন করতে হলে ২৯ ফেব্র“য়ারির মধ্যে তা শেষ করতে হবে।
তবে ৯০ দিনের মধ্যে না হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে বলে আইন সংশোধনের সময় স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন।
গত মঙ্গলবার ডিসিসিকে দুই ভাগ করে সংসদে আইন পাস হয়। তবে প্রধান বিরোধী দল বিএনপি এর বিরোধিতা করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমএমআর/এমআই/১৫৫৫ ঘ.
bdnews24