ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করার প্রতিবাদে বিএনপির ডাকা হরতালে জনপ্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে কাজ স্বাভাবিকভাবে চলছে।
রোববার সকালে বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, কর্মকর্তা-কর্মচারিদের উপস্থিতি অন্যান্য দিনের মতোই। তবে অনেক কর্মকর্তা-কর্মচারিকে নির্ধারিত সময়ের পরেও আসতে দেখা গেছে।
তবে হরতালে সচিবালয়ে দর্শনার্থীরদের আনাগোনা অনেক কমে দেখা গেছে। অন্যান্য দিন সকাল থেকেই তাদের কক্ষ পরিপূর্ণ থাকলেও রোববার তা ছিল ফাঁকা। বেশিরভাগ কর্মকর্তারা গাড়ি ব্যবহার না করায় গাড়ি রাখার স্থানগুলোও ফাঁকা রয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মন্ত্রণালয়ে কর্মকর্তাদের উপস্থিতি প্রায় শতভাগ। বেশির ভাগ মন্ত্রী, প্রতিমন্ত্রী সকাল ১১টার মধ্যে তাদের দপ্তরে উপস্থিত হয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রনালয়, অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয় ঘুরেও কর্মকর্তা-কর্মচারিদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে।
ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) ভাগে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন সংশোধন বিল বিএনপির প্রবল আপত্তির মধ্যেই গত ২৯ নভেম্বর সংসদে পাস হয়। এর পরদিন রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয় বিএনপি। এর মধ্যে রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হয়েছে। ডিসিসি ভাগের সিদ্ধান্ত বাতিল না হলে হরতালের পর লাগাতার আন্দোলনেরও হুমকি দিয়েছে বিএনপি।
এই আইনের মাধ্যমে আগের ডিসিসির স্থলে ‘ঢাকা উত্তর’ ও ‘ঢাকা দক্ষিণ’ নামে দুটি সিটি কর্পোরেশন হয়েছে। রোববারই স্থানীয় সরকার বিভাগ দুই জন প্রশাসক নিয়োগ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরআরডি/আরএ/১৩১৮ ঘ.
bdnews24