আবুল কাশেম হৃদয়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
কুমিল্লা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করা ১০ জনের মধ্যে শক্ত দুই প্রতিদ্বন্দ্বী হলেন আওয়ামী লীগ সমর্থিত আফজল খান ও নাগরিক কমিটির মনিরুল হক সাক্কু।
এ দু’জনের বিরুদ্ধেই মামলা রয়েছে। এরমধ্যে আফজল খানের বিরুদ্ধে তিনটি দুর্নীতির মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে একটি দুর্নীতির মামলার কার্যক্রম উচ্চ আদালত স্থগিত করেছে।
এছাড়া এই দুই প্রার্থীর বিরুদ্ধে করা হত্যা মামলা থেকে কেউ অব্যাহতি পেয়েছেন আবার কেউ পেয়েছেন বেকসুর খালাস।
মেয়র পদে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দাখিল করা হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।
এছাড়া অপর প্রার্থীদের মধ্যে জেলা আওয়ামী লীগ নেতা নুর উর রহমান মাহমুদ তানিমের বিরুদ্ধে জননিরাপত্তা বিশেষ বিধান আইনের একটি মামলার কার্যক্রম উচ্চ আদালত স্থগিত করেছে। হত্যা মামলা থাকলেও তাতে তিনি বেকসুর খালাস পান।
জাতীয় পার্টি সমর্থিত মেয়র পদপ্রার্থী এয়ার আহমেদ সেলিম বিষ্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় খালাস পেয়েছিলেন।
আরেক প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিঠু অস্ত্র, বিষ্ফোরক দ্রব্য আইনসহ ৭টি মামলায় অব্যাহতি অথবা খালাস পান।
আফজল খানের বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে করা তিনটি মামলা বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আদালতে বিচারাধীন রয়েছে। মামলার নম্বরগুলো হলো ৩৬/০১, ৩৭/০১ ও ৩৮/০১। সমবায় ব্যাংকের অর্থ আত্মসাতের একটি মামলায় তিনি কারাগারেও ছিলেন।
১৯৯৯ সালে শহরে আলোচিত শঙ্কর হত্যার ঘটনার পর দলের সাধারণ সম্পাদকের পদ থেকে আফজল খানকে অব্যাহতি দেওয়া হয়েছিলো। সে মামলা থেকে তিনি ১৯৯৯ সালের ১৭ নভেম্বর অব্যাহতি পান।
গত তত্ত্বাবধায়ক সরকারের সময় করা একটি দুর্নীতি মামলা থেকেও তিনি অব্যাহতি পান।
এ ব্যাপারে আফজল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “খবর নেন কুমিল্লার কোনো মানুষ বলে কিনা আমার বিরুদ্ধে চাঁদাবাজি, খুন-খারাবির কোনো অভিযোগ আছে?”
মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে গত তত্ত্বাবধায়ক সরকারের সময় করা তিনটি দুর্নীতির মামলার মধ্যে দুটিতে তদন্তে তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়। তবে ঢাকার রমনা মডেল থানায় দায়ের করা একটি দুর্নীতি মামলার কার্যক্রম উচ্চ আদালত স্থগিত করেছে। একটি করফাঁকির মামলাও উচ্চ আদালত স্থগিত করেছে।
সাক্কুর বিরুদ্ধে হত্যাসহ আরো ৫টি মামলাও ছিলো। এর কোনটিতে বেকসুর খালাস এবং কোনটিতে অব্যাহতি পান।
এ ব্যাপারে মনিরুল হক সাক্কু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার বিরুদ্ধে যেসব অভিযোগ তা রাজনৈতিক। দলের ভেতরের ও বাইরের প্রতিপক্ষ তার বিরুদ্ধে এসব করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৫ ঘ.
bdnews24