ঝিনাইদহ, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নদীতে গোসল করতে নেমে এক প্রকৌশলী নিখোঁজ হয়েছেন ।
শনিবার বেলা ২টার দিকে কবিরপুরে কুমার নদীতে ডুবে যান ডিপ্লোমা প্রকৌশলী তুষার বিশ্বাস (২৫)। তিনি উপজেলার রাজনগর গ্রামের প্রয়াত জামিরুল বিশ্বাসের ছেলে।
তুষারের মামাতো বোন তানিয়া জানান, তুষার দুপুরে তাদের বাড়ি বেড়াতে আসেন। পরে তুষার এবং তিনি (তানিয়া) নদীতে গোসল করতে যান। গোসল করার সময় সাঁতার কাটতে কাটতে মাঝ নদীতে গিয়ে ডুবে যান তুষার।
পরে শৈলকুপা ফায়ার ব্রিগেড ও স্থানীয় লোকজন অনেক চেষ্টার পরও তার সন্ধান পায়নি বলে তানিয়া জানান।
শৈলকুপা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিনুর রহমান বিকালে জানান, এখনো পর্যন্ত ডুবে যাওয়া প্রকৌশলীর সন্ধান পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮৫৭ ঘ.
bdnews24