২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১০ ডিসেম্বর থেকে ‘বিজয় মেলা’

‘বিজয় মেলা পরিষদে’র উদ্যোগে চট্টগ্রাম নগরীর আউটার স্টেডিয়ামে আগামী ১০ ডিসেম্বর শুরু হচ্ছে ‘মুক্তিযুদ্ধের বিজয় মেলা ২০১১’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2011, 11:57 AM

Updated : 24 Aug 2022, 05:18 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘বিজয় মেলা পরিষদে’র উদ্যোগে চট্টগ্রাম নগরীর আউটার স্টেডিয়ামে আগামী ১০ ডিসেম্বর শুরু হচ্ছে ‘মুক্তিযুদ্ধের বিজয় মেলা ২০১১’। ১৫ দিনব্যাপী এ মেলায় প্রতিদিন ‘বিজয় মঞ্চে’ স্মৃতিচারণের আয়োজন করা হয়েছে। এবারের মেলার বাজেট ধরা হয়েছে প্রায় ৩৫ লাখ টাকা। মেলায় মোট ২৫০টি স্টল থাকছে। শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। লিখিত বক্তব্যে মেলা কমিটির মহাসচিব ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি বদিউল আলম বলেন, ১০ ডিসেম্বর দুপুর ৩টায় ‘বিজয় শিখা’ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মেলা উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম। মেলা কমিটির চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রামের ১৪টি উপজেলায় বিজয় মেলা আয়োজন করা হবে। মেলায় স্মৃতিচারণের জন্য আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, ওবায়দুল কাদের, সাংসদ রাশেদ খান মেনন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকীসহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানিয়েছে মেলা আয়োজক কমিটি। পাশাপাশি মেলায় মুক্তিযোদ্ধা সমাবেশ, সম্মাননা প্রদান, কৃতি শিক্ষার্থী সম্মাননা, শিশু-কিশোরদের সৃজনশীল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৯৮৯ সালে আউটার স্টেডিয়ামে প্রথমবারের মতো এ মেলা আয়োজন করে ‘বিজয় মেলা পরিষদ’। ১৯৯৫ সালে এ বি এম মহিউদ্দিন চৌধুরী পরিষদের চেয়ারম্যান হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরআরডি/পিডি/১৭৫৫ ঘ.