ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে প্রতিবন্ধীদের নিয়ে হাঁটা প্রতিযোগিতার আয়োজন করেছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন।
শুক্রবার ব্রিটিশ হাইকমিশন কার্যালয়ে এ হাঁটা প্রতিযোগিতা বা ‘ওয়াকাথন’ অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতার উদ্দেশ্য হল খেলাধূলায় অংশগ্রহনের মাধ্যমে শারিরীক প্রতিবন্ধীদের স্বাভাবিক মানুষের কাতারে আনা।
প্রতি বছর ডিসেম্বর মাসের ৩ তারিখে বিশ্বব্যাপী এ দিবসটি পালিত হয়ে থাকে।
বিশেষ এই প্রতিযোগিতা সম্পর্কে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন বলেন, “প্রতিবন্ধীদের সমান অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে যুক্তরাজ্য অগ্রগন্য ভূমিকা রাখে আর এ কারণে দেশটি আন্তর্জাতিকভাবে প্রশংসিত। আমরা এ সুনাম ধরে রাখতে চাই।”
গিবসন জানান, ‘লন্ডন অলিম্পিক ২০১২’- ই একমাত্র বৃহত্তম ক্রীড়া প্রতিযোগিতার আসর যেখানে প্রচলিত অলিম্পিকের পাশাপাশি প্রতিবন্ধীদের অংশগ্রহনের জন্য প্যারাঅলিম্পিকের ব্যবস্থা করা হয়েছে।
এ জন্য প্রতিবন্ধীরা যাতে স্বাচ্ছন্দ্য বোধ করে সে জন্য খেলার মাঠে বিশেষ নকশার স্থাপনা করা হয়েছে, খোলা জায়গা রাখা হয়েছে এবং গনপরিবহনের ব্যবস্থাও করা হয়েছে বলে জানান এই কূটনীতিক।
অন্যান্যদের মধ্যে পক্ষাঘাতগ্রস্তদের জন্য পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) প্রতিষ্ঠাতা ভেলরি টেইলর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব এম ওয়ালি উল্লাহ এ হাঁটা প্রতিযোগিতায় অংশ নেন।
২০১২ সালের ২৭ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত লন্ডন শহরে অনুষ্ঠিত হবে বিশ্বের সবচেয়ে জমকালো ও বৃহত্তম ক্রীড়া প্রতিযোগিতা ‘অলিম্পিক গেমস্’। আর একই স্থানে ২৯ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রতিবন্ধীদের জন্য ‘প্যারাঅলিম্পিক’।
পরিসরের দিক থেকে অলিম্পিকের পরেই প্যারাঅলিম্পিকের অবস্থান। দ্বিতীয় বৃহত্তম এই আসরে প্রতিযোগিতা করে থাকেন বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রতিবন্ধী ক্রীড়াবিদরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/আরআরডি/এমআই/২১২২ ঘ.
bdnews24