ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তরুণ প্রতিভাবান কবি জাকির ইবনে সোলায়মান আর নেই।
বৃহস্পতিবার রাত ২টার দিকে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। স্ত্রী, দেড় বছরের একমাত্র ছেলে সিয়াম, মা ও ভাইবোনসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
১৯৭২ সালের ১৫ জানুয়ারি গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলার মধুখালী গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
নব্বইয়ের দশকের শুরু থেকে লেখালেখির জগতে আসেন তিনি। বেশ কয়েকটি কবিতার বই প্রকাশিত হয়েছে তার।
এরমধ্যে ‘জাহান্নাম থেকে লিখছি’, ‘মধুখালীর বাঁকে’, ‘যে চোখে ধূসর আকাশ’, ‘এ রাত তোমার আমার’, ‘কাজলী’, ‘চিরায়ত চিরন্তন’, ‘আকাশে অনেক বৃষ্টি’ উল্লেখযোগ্য।
সাহিত্য চর্চার স্বীকৃতি হিসেবে তিনি ‘কবি আবু জাফর ওবায়দুল্লাহ পুরস্কার’, ‘কবি আবুল হাসান স্বর্ণপদক’সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান থেকে সম্মাননা পেয়েছেন।
তিনি লালনপত্র নামে একটি লিটলম্যাগ সম্পাদনা ছাড়াও বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে গ্রন্থনা ও উপস্থাপনায় জড়িত ছিলেন।
সর্বশেষ তিনি খোশরোজ কিতাবমহল নামের প্রকাশনা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/১৭৫৩ ঘ.
bdnews24