ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করা নিয়ে মেয়রের আদালতে যাওয়া এবং বিএনপির প্রবল আপত্তির মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের সেবার মান বাড়ানোই সরকারের পদক্ষেপের উদ্দেশ্য।
বুধবার জাতীয় সংসদে একাদশ অধিবেশনের শেষ দিনে সংসদ নেতার বক্তব্যে হাসিনা ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) বিভক্তির পক্ষে যুক্তি তুলে ধরার পাশাপাশি বিরোধী দলেরও বিভিন্ন বক্তব্যেরও সমালোচনা করেন।
ডিসিসি ভাগের পক্ষে যুক্তি দেখিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ঢাকা বিশাল এলাকা। এ বিশাল এলাকা সামাল দেওয়া খুব কঠিন। জনগণের কাছে আমরা সেবা পৌঁছে দিতে চাই।
“আমাদের যথেষ্ট টাকা থাকলে নাগরিক সেবা নিশ্চিত করতে [ঢাকা সিটি কর্পোরেশন] চার ভাগ করতাম। ছোট ছোট এলাকা থাকলে সেবাও বেশি পৌঁছে দেওয়া যেতো।”
বিরোধী দলসহ বিভিন্ন মহলের প্রবল আপত্তির মধ্যেই ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগ করার বিল স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন (সংশোধন)-২০১১] মঙ্গলবার জাতীয় সংসদে পাস হয়।
এই পদক্ষেপের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেছেন মেয়র সাদেক হোসেন খোকা। এটি কেন অসাংবিধানিক হবে না, তা জানতে সরকারের প্রতি আদেশও হয়েছে। অন্যদিকে বিএনপি ডিসিসি ভাগের প্রতিবাদে ৪ নভেম্বর রাজধানীতে হরতাল ডেকেছে।
দেশের রাজধানী ঢাকা আগের মতোই থাকছে জানিয়ে শেখ হাসিনা বলেন, “আমরা ঢাকাকে ভাঙছি না, বরং স¤প্রসারণ করা হচ্ছে। জনগণকে সেবা দেওয়ার জন্য দুটি কর্পোরেশন করা হয়েছে, অন্য কোনো উদ্দেশ্যে নয়। কিন্তু কিছু কিছু লোক অন্য কোনো উদ্দেশ্যে এর বিরোধিতা করছে।”
৫০ মিনিটের বক্তব্যে তিনি বিশ্বের বিভিন্ন নগরীতে একাধিক কর্পোরেশন থাকার কথাও তুলে ধরেন।
সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, “সমালোচনা করা তাদের কাজ। সরকার যে কাজটাই করছে তাতে বাগড়া দিতে হবে, যাতে জনগণকে বোঝানো যে সরকার ভালো কাজ করছে না। জনগণকে বিভ্রান্ত করার জন্যই বিরোধী দল করে যাচ্ছে।”
জঙ্গিবাদ, সন্ত্রাস দমনে সাফল্যের দাবি করে হাসিনা বলেন, “আমরা যেই কাজটিই করি না কেন, তারা উল্টো বলে। তারা যেভাবে সমালোচনা করছে, মনে হয় একদিন তারাই বলবে- দেশে বোমার আওয়াজ নেই কেন, জঙ্গিবাদ নেই কেন?”
‘
মনমোহনের চিঠি প্রকাশ করুন’
টিপাইমুখ ইস্যুতে খালেদা জিয়ার চিঠির জবাবে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং কী লিখেছেন, তা প্রকাশ করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।
তিনি বলেন, “টিপাইমুখ নিয়ে তিনি (খালেদা জিয়া) ভারতের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, জবাবও পেয়েছেন। দুটি চিঠিতে কী আছে, তা জাতি জানলো না। তা জনসম্মুখে প্রকাশ করবেন আশা করি।”
বিএনপির বক্তব্য অনুযায়ী, টিপাইমুখে বাঁধ নির্মাণের আগে যৌথ জরিপ চেয়ে চিঠি পাঠান খালেদা। তার জবাব এলেও এখন পর্যন্ত তা প্রকাশ করা হয়নি।
টিপাইমুখে বাঁধ হলে বাংলাদেশে তার বিরূপ প্রভাবের আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, “আমরা যথেষ্ট অধিকার সচেতন। এরই মধ্যে আমরা দুজন প্রতিনিধি (দিল্লি) পাঠিয়েছি। দেশের জন্য ক্ষতিকারক হয়, এমন কিছু মেনে নেবো না, হতে দেবো না। ক্ষতিকারক কোনো পদক্ষেপ মেনে নেওয়া সম্ভব নয়।”
‘পদের লোভে আওয়ামী লীগ নেতারা দল ছাড়ে না’
আওয়ামী লীগ ছাড়লে বিএনপিতে পদ দেওয়া হবে- খালেদা জিয়ার এ বক্তব্যের জবাবে শেখ হাসিনা বলেন, “পদের লোভে আওয়ামী লীগের লোকেরা দল ছাড়ে না। আওয়ামী লীগ যারা করে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ।
“পয়সা দিয়ে আওয়ামী লীগের বড় নেতা তো নয়-ই, তৃণমূলের নেতাও নেওয়া সম্ভব নয়। আইয়ুব, জিয়া, এরশাদ চেষ্টা করেও পারেনি।”
খুলনা মুখে রোড মার্চে শনিবার পাবনায় জনসভায় বিএনপি চেয়ারপারসন বলেছিলেন, দেশপ্রেমিক আওয়ামী লীগ নেতারা দল ছেড়ে এলে বিএনপিতে সম্মানজনক পদ দেওয়া হবে।
ব্এিনপি প্রতিষ্ঠার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, “বিএনপির জন্ম মিলিটারি ডিকটেটরের হাতে, ক্ষমতার উচ্ছিষ্ট টোকানো দলটির কাজ।
“তিনি (জিয়া) এ গাছের ছাল, ওই গাছের বাকল নিয়ে দল তৈরি করেছিলেন; যুদ্ধাপরাধী, আন্ডারগ্রাউন্ড, সর্বহারা, মুসলিম লীগ, পচা কমিউনিস্ট নিয়ে বিএনপি হয়েছে। ভালো কমিউনিস্ট আমাদের সঙ্গে।”
মেয়াদ শেষে প্রধানমন্ত্রী দেশ ছাড়বেন বিরোধী নেতার মন্তব্যেরও সমালোচনা করেন হাসিনা।
“এখন তিনি (খালেদা জিয়া) বলছেন, আমি নাকি দেশ ছেড়ে চলে যাবো। আমার জন্ম বাংলাদেশে টুঙ্গীপাড়ায়, তার জন্ম ভারতের শিলিগুড়িতে। সুতরাং ভাগলে তিনি ভাগবেন।”
‘রাস্তা ছেড়ে সংসদে আসুন’
সংসদ বর্জন করে আসা বিরোধী দলকে ফেরার আহ্বান জানিয়ে সংসদ নেতা হাসিনা বলেন, “বিরোধীদলীয় নেতা সংসদে নেই। তিনি সড়কে চলে গেছেন, রোড মার্চ করছেন।”
“কিছুদিন আগেও বলেছেন, দেশের রাস্তাঘাট খারাপ। প্রশ্ন হলো, তিনি এত খারাপ রাস্তায় কীভাবে রোর্ড মার্চ করলেন, সময় সময় পৌঁছে গেলেন। আশঙ্কা করেছিলাম অভিযোগ করবেন, তাও করেননি। তার মানে রাস্তাঘাটের ভালো উন্নতি হয়েছে।”
বিশ্বে অর্থনৈতিদক সঙ্কটের মধ্যেও দেশে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তবে পরিস্থিতি মোকাবেলায় নিজস্ব উৎপাদন বাড়ানোর ওপর জোর দেন তিনি।
শেখ হাসিনা বলেন, “দেশের সামাজিক ও অর্থনৈতিক সূচক ভালো। যাদের জনমত (জনসমর্থন) নেই, অথচ ক্ষমতায় যাওয়ার খায়েশ আছে, তারা দেশ নিয়ে হতাশার কথা বলে।”
‘যুদ্ধাপরাধীর বিচার হবেই’
যুদ্ধাপরাধীদের বিচারে সরকারের অঙ্গীকারের কথা স্মরণ করে আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা বলেন, “তারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে চায়। তারা বঙ্গবন্ধু হত্যাকারীদেরও বাঁচাতে চেয়েছিল, কিন্তু পারে নি। যুদ্ধাপরাধীদের বিচার এ বাংলার মাটিতে হবেই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২৩২১ ঘ.
bdnews24