২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বাস ধর্মঘট চলছে

ভ্রাম্যমাণ আদালতের আদেশে এক বাসচালককে গ্রেপ্তার ও জরিমানা আদায়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বাস ধর্মঘট চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2011, 03:18 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভ্রাম্যমাণ আদালতের আদেশে এক বাসচালককে গ্রেপ্তার ও জরিমানা আদায়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বাস ধর্মঘট চলছে। জেলা বাস মালিক সমিতির আহ্বানে সোমবার সন্ধ্যার পর শুরু হওয়া এই ধর্মঘটের ফলে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সকালে জেলা মটর শ্রমিক ইউনিয়নের কিছু শ্রমিক শহরের ফায়ার সার্ভিস মোড়ে ভুটভুটি, নসিমন ও ব্যাটারিচালিত গাড়ি চলাচলে বাধা দিয়েছে। দুপুরে জেলা বাস মালিক সমিতি ও মটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসককে পাঁচ দফা দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে। দাবিগুলো হল মহাসড়ক ও উপজেলা সংযোগ সড়কগুলোতে নসিমন, করিমন, ভুটভুটি, ট্রলি ও পিকাপ ভ্যান চলাচল বন্ধ করা, ভ্রাম্যমাণ আদালতের আদেশে মালিককে হাতকড়া পরানোর তদন্ত, অবৈধ যান তৈরির কারখানা বন্ধ করা এবং শহরের বাসস্ট্যান্ডগুলো থেকে ব্যাটারি চালিত রিকশা, টেম্পু ও মিশুক স্ট্যান্ড সরানোর স্থায়ী পদক্ষেপ গ্রহণ। জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম জানান, আগামী ৪ ডিসেম্বরের মধ্যে তাদের দাবি পূরণ না হলে ৫ ডিসেম্বর সকাল থেকে বাস, ট্রাক, লরিসহ সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হবে। জেলা প্রশাসক কে এম আলী আজম জানান, সরকারি বিধি অনুযায়ী যেসব দাবি মানা সম্ভব তা বাস্তবায়নে তিনি পদক্ষেপ নেবেন। বৈধ কাগজ না থাকায় সোমবার দুপুরে জেলা শহরে দুটি বাসকে সাত হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এরমধ্যে একটির চালককেও চার হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা দিতে অস্বীকার করলে তাকে গ্রেপ্তার করা হয়। পরে জরিমানা দিয়ে ছাড়া পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২১১১ ঘ.