শেরপুর, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট না থাকায় বুধবার শেরপুরের জেলা প্রশাসক নিজে এজলাসে বসে বিচার কার্যক্রম পরিচালনা করেছেন।
এ ব্যাপারে জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এডিএম শূন্যতায় বিচার প্রার্থীদের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়েই আমি আদালতে বসেছি।”
তিনি জানান, অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) বিচারিক ক্ষমতা দেওয়ার জন্য জন প্রশাসন বিভাগে আবেদন করা হয়েছে। তাকে বিচারিক ক্ষমতা না দেওয়া পর্যন্ত তিনি সংশ্লিষ্ট আদালতে নিয়মিত বিচার কাজ পরিচালনা করবেন।
আদালত সংশ্লিষ্টরা জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিরঞ্জন দেবনাথ গত ২ অক্টোবর বদলি হওয়ার পর থেকে পদটি শূন্য রয়েছে।
এ আদালতে অন্তত ৪৫০টি মামলা এবং নির্বাহী ও ভ্রাম্যমাণ আদালতের সাজার বিরুদ্ধে করা প্রায় ৫০টি ফৌজদারী আপিল বিচারাধীন রয়েছে।
এদিকে জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শেরপুরের জেলা প্রশাসক যা করছেন তা অবশ্যই প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক। এটি বিচার অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে।”
“জেলা প্রশাসকরা জেলা ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কমিশনারের দায়িত্বে থাকেন। তবে তারা তাদের বিচারিক কার্যক্রম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দিয়েই করিয়ে থাকেন,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৯৪৯ ঘ.
bdnews24