নওগাঁ, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁ সদর উপজেলায় এক যুবককে হত্যার অভিযোগে পাশের গ্রামের এক তরুণী ও তার মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে নারায়ণপুর গ্রামের একটি আলু ক্ষেতে সাদ্দাম হোসেন ওরফে শিমুলের (২৫) লাশ পাওয়া যায়।
সাদ্দাম তিলকপুর ইউনিয়নের আদম দুর্গাপুর গ্রামের দক্ষিণপাড়ার আবু বক্কর ছিদ্দিকের ছেলে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার শিউলি বেগম (৪০) ও তার মেয়ে বিপা (১৬) পাশের নারায়ণপুর গ্রামের বাসিন্দা।
নওগাঁ সদর মডেল থানার ওসি এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কিছুদিন আগে শিমুলের সঙ্গে বিপার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু বিপার পরিবার বিষয়টি না মানায় দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো।
“মঙ্গলবার সন্ধ্যায় শিমুলকে ফোনে ডেকে বিপা তাদের বাড়ি নিয়ে যায়। তারপর থেকেই শিমুল নিখোঁজ ছিলো। সকালে লোকজন শিমুলের লাশ দেখে পুলিশে খবর দেয়,” বলেন ওসি।
এই ঘটনার পর সকাল ১০টায় শিমুলের গ্রামের লোকজন লাঠিসোটা নিয়ে বিপার বাড়িতে হামলা চালিয়ে তিনটি ঘর ভাংচুর করে। পুলিশ বিপা ও তার মাকে গ্রেপ্তার করেছে। নারায়ণপুর গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।
শিমুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে শিমুলের বাবা বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯২০ ঘ.
bdnews24