কুমিল্লা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনা থেকে একটি যাত্রীবাহী ট্রেনকে রক্ষা করায় কুমিল্লার দুই কিশোর রাকিব ও সুমনকে পুরস্কৃত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বুধবার সকালে রেলওয়ে কুমিল্লা জোনের সহকারী প্রকৌশলীর কার্যালয়ে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এসময় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক, এলাকাবাসী, জনপ্রতিনিধি ও ওই কিশোরদের পরিবারের সদস্যরা উপিস্থত ছিলেন।
পুরস্কার হিসেবে রাকিব ও সুমন প্রত্যেককে দশ হাজার টাকা মূল্যমানের প্রাইজবন্ড, সনদপত্র ও ফুলের শুভেচ্ছা দেওয়া হয়।
শনিবার কুমিল্লা সদর দক্ষিণের মোহনপুরে (স্থানীয়ভাবে শিকারপুর হিসেবে পরিচিত) রাকিব ও সুমন রেলপথ ভাঙ্গা দেখতে পায়। এসময় সে লাইনে ভৈরবগামী ১৬১ আপ ট্রেনটি আসতে দেখে তারা তাদের গায়ের গেঞ্জি ও সোয়েটার উড়িয়ে ট্রেনটি থামিয়ে দেয়। এসময় ট্রেনটিতে অন্তত তিনশ’ যাত্রী ছিলো।
চালক ও রেল কর্মকর্তারা ট্রেন থেকে নেমে ঘটনার সত্যতা পান এবং দুই কিশোরের কথা সবাইকে জানান। এ নিয়ে পত্রপত্রিকায় লেখালেখিও হয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সুকুমার ভৌমিক, মোহনপুর ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কালাম চৌধুরী, শাহ সুকীনুর মোহাম্মদ, হামিদুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
রাকিব ও সুমন প্রতিবন্ধী হলেও যোগ্যতা অনুযায়ী তারা যদি ভবিষ্যতে রেলের চাকুরিতে আবেদন করে তাহলে বিষয়টি বিশেষভাবে দেখা হবে বলে জানান রেল কর্মকর্তারা।
অনুষ্ঠানের শুরুতে রাকিব সেদিনের ঘটনার বর্ণনা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯১২ ঘ.
bdnews24