কক্সবাজার, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের টেকনাফে তিন মাস বয়সী শিশুকে হত্যার অভিযোগে বাবা, সৎ মা ও দাদিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর ইউনিয়নের কেটিবিল ডেইলপাড়ায় বুধবার ভোরে নিহত হয় শিশু জাগির হোসেন।
গ্রেপ্তার হন জাগিরের বাবা কালু মিয়া, সৎ মা মোস্তফা বেগম ও দাদি জকুম বাহার।
এ ঘটনায় শিশুটির মা রাশেদা বেগম এই তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে পুলিশ জানিয়েছে।
অভিযোগের বরাত দিয়ে টেকনাফ থানার ওসি মাহবুবুল হক জানান, ভোর সাড়ে ৫টার দিকে জকুম বাহার তার ছেলে কালু মিয়ার তিন মাস বয়সী ছেলে জাগির হোসেনকে গলা টিপে হত্যা করে।
শিশুটির সৎ মা মোস্তফা বেগমও এই হত্যাকাণ্ডে জড়িত রয়েছে।
তবে কেন এ হত্যাকাণ্ড হয়েছে তা জানাতে পারেনি পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৮৩২ ঘ.
bdnews24