ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গ্যাস সংযোগের দাবিতে হরতালসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে একটি সংগঠন।
কসবা গ্যাস সংযোগ বাস্তবায়ন পরিষদ নামের সংগঠনটি ৮ ডিসেম্বর অর্ধদিবস হরতালসহ বুধবার তিনদিনের কর্মসূচী ঘোষণা করে। সালদা নদী গ্যাস ফিল্ডের সামনে সমাবেশে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক আযহারুল ইসলাম এই কর্মসূচি ঘোষণা করেন।
তাদের অন্য কর্মসূচি হলো- ৫ ডিসেম্বর উপজেলা পরিষদ ঘেরাও এবং ১২ ডিসেম্বর কসবা পৌর মুক্তমঞ্চে মহাসমাবেশ।
এর আগে আন্দোলনকারীরা কসবা-কুল্লাপাথর সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংগঠনের সদস্য সচিব মুনীর হোসেন বলেন, প্রায় ১৩ বছর ধরে বাসা-বাড়িতে গ্যাসের জন্যে আমরা আন্দোলন করছি। এবার গ্যাস সংযোগ দেওয়ার সরকারি ঘোষণা না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৭০৭ ঘ.
bdnews24