২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুট্টা চাষে ১১ জেলার কৃষককে বিশেষ সুবিধা

ধানের পর এবার ভুট্টা চাষেও বিশেষ প্রণোদনা দিতে যাচ্ছে সরকার। প্রাথমিকভাবে ১১টি জেলার ভুট্টাচাষীরা বীজ ও সার পাবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2011, 11:10 AM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধানের পর এবার ভুট্টা চাষেও বিশেষ প্রণোদনা দিতে যাচ্ছে সরকার। প্রাথমিকভাবে ১১টি জেলার ভুট্টাচাষীরা বীজ ও সার পাবেন। এজন্য কৃষি মন্ত্রণালয় সাড়ে ৬ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে বলে বুধবার জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। এ প্যাকেজের আওতায় প্রত্যেক কৃষককে এক বিঘা জমিতে ভুট্টা চাষের উপকরণ বিনামূল্যে দেওয়া হবে, যা পাবে ১১ জেলার ৬২ উপজেলার ৫০ হাজার কৃষক। জেলাগুলো হচ্ছে- নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি ও নোয়াখালী। সচিবালয়ে সংবাদ সম্মেলনে মতিয়া চৌধুরী দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভুট্টা চাষের গুরুত্ব তুলে ধরে বলেন, প্রাকৃতিক কারণে দেশে বর্তমানে গমের চাষ অনেক কমে গেছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণাঞ্চলের লবণাক্ত এলাকাগুলোতে গমের তেমন চাষ হয় না। কিন্তু ভুট্টা শীত ও গরম উভয় মৌসুমেই চাষ করা যায়। এর উৎপাদনও গম এবং ধানের চেয়ে বেশি। এ কর্মসূচির আওতায় উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের তালিকা অনুযায়ী উপজেলা পর্যায়ের কমিটিতে বাছাইকৃত কৃষকদের সহায়তা দেওয়া হবে। একজন কৃষক এক বিঘা জমিতে ভূট্টা চাষের জন্য বিনামূল্যে কৃষি উপকরণ পাবেন। কৃষিমন্ত্রী বলেন, প্রত্যেক কৃষককে তিন কেজি উচ্চ ফলনশীল (দেশে উদ্ভাবিত বারি ৫ ও ৭ জাতের) ভুট্টা বীজ, ২৫ কেজি করে ইউরিয়া, ডিএপি এবং এমওপি সার দেওয়া হবে। তালিকাভুক্ত কৃষকরা দল আকারে (গ্র“প) উপজেলা পর্যায় থেকে এ বীজ সংগ্রহ করতে পারবেন। এ প্রণোদনা কর্মসূচির ফলে দেশে ভুট্টা উৎপাদন প্রায় ৩১ হাজার মেট্রিক টন বাড়বে বলে আশা করছে সরকার, যার বাজার মূল্য ৬২ কোটি টাকা। মতিয়া বলেন, “এটা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ ভুট্টা শুধু মুরগি ও মাছের খাদ্য নয়, এটি আটার সঙ্গে মিশিয়ে মানুষের খাদ্য হিসেবেও ব্যবহৃত হয়।” এ বছর দেশের প্রায় ২ লাখ ৪০ হাজার হেক্টর জমিতে ভুট্টার চাষ হবে। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন। বর্তমানে দেশে প্রায় ১৫ লাখ ৫২ হাজার মেট্রিক টন ভুট্টার উৎপাদন হয়, দেশের চাহিদা মেটাতে প্রায় ৪ লাখ ২২ হাজার মেট্রিক টন আমদানি করতে হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭০০ ঘ.