ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের বিধিবিধান অনুসরণ না করেই ঢাকা সিটি কর্পোরেশন ভাগ করা হয়েছে দাবি করে তা বাতিলের আদেশ চেয়ে হাইকোর্টে গেছেন বিদায়ী মেয়র সাদেক হোসেন খোকা।
বুধবার দুপুরে বিচারপতি ফরিদ আহমদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চে বিএনপি নেতা খোকা আবেদনটি করেন।
বিকাল ৪টায় এর ওপর শুনানি শুরু হয়েছে। আদালতে খোকার পক্ষে শুনানি করছেন ড. কামাল হোসেন। সরকার পক্ষে রয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বিরোধী দলসহ বিভিন্ন মহলের প্রবল আপত্তির মধ্যেই ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগ করার বিল স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন (সংশোধন)-২০১১] মঙ্গলবার জাতীয় সংসদে পাস হয়।
এর পরদিনই আদালতে গেলেন নয় বছর ধরে ধরে মেয়রের দায়িত্ব পালন করে আসা ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক খোকা। তার মেয়াদ চার বছর আগে ফুরিয়ে গেলেও এত দিন পর্যন্ত নির্বাচন হয়নি স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠানে।
দুপুরে রিট আবেদনের পর সাবেক সংসদ সদস্য খোকা সাংবাদিকদের বলেন, সংবিধানের বিধিবিধান অনুসরণ না করেই ঢাকাকে ভাগ করার জন্য বিলটি পাস করা হয়েছে।
“সংবিধান অনুসারে ঢাকা বাংলাদেশের রাজধানী। এভাবে ভাগ করার কোনো যৌক্তিকতা ছিলো না। এর প্রতিকার চাইতে আদালতে এসেছি,” বলেন তিনি।
খোকার আইনজীবী রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের রাজধানী ঢাকা সংবিধান দ্বারা নির্ধারিত। সাধারণ আইন দ্বারা এর পরিবর্তন করা যায় না। এ জন্য আগে সংবিধান সংশোধন করতে হবে। এক্ষেত্রে তা হয়নি।”
ড. কামাল হোসেন দুপুর ২টার দিকে রিট আবেদনের পরপরই এর ওপর শুনানি নিতে আদালতে আবেদন জানান। আদালত বৃহস্পতিবার শুনানি নিতে চাইলে তিনি বলেন, “মাত্র ৪ মিনিটে এ আইন সংশোধন করা হয়েছে। অথচ এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেরি হলে আরো কিছু হতে পারে।”
তবে ব্যস্ততার কারণে ওই সময় শুনানিতে অংশ নিতে অপারগতার কথা আদালতকে জানান সরকারের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এরপর আদালত বিকাল ৪টায় শুনানির সময় ঠিক করেন।
রিট আবেদনে এ আইন সংশোধন কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে না, সে বিষয়ে রুল চাওয়া হয়েছে। এর পাশাপাশি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ বাদ দিয়ে বর্তমান কাঠামোর অবিকল রাখতে স্থিতাবস্থাও চাওয়া হয়েছে।
সংশোধিত আইন অনুযায়ী, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ নামে আলাদা দুটি সিটি কর্পোরেশন হবে। প্রশাসক নিয়োগ করে ৯০ দিনের মধ্যে নির্বাচন দেওয়া হবে দুই কর্পোরশনে।
সংসদে মঙ্গলবার পাস হওয়া এ বিল রাষ্ট্রপতির সইয়ের পর আইন হিসেবে কার্যকর হবে।
বিএনপি বলে আসছে, খোকাকে সরাতেই আইনের এ সংশোধন আনা হয়েছে। তবে বিল পাসের পর স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, রাজনৈতিক কোনো উদ্দেশ্য থেকে নয়, সেবার মান বাড়াতেই সরকারের এই পদক্ষেপ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৬০৬ ঘ.
bdnews24