সুনামগঞ্জ, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের তাহিরপুর থানা হাজতে এক আসামিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ করেছে তার স্বজনরা।
মঙ্গলবার রাত সাড়ে ৮টায় থানা হাজতে মারা যান তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নের নয়া বারুংকা গ্রামের দীপলাল দাস (৩৬)।
তবে পুলিশ বলছে, দীপলাল দাস গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
দীপলালের ভাই রংলাল দাস অভিযোগ করেন, বিকালে বাড়ি থেকে তার ভাইকে পুলিশ গ্রেপ্তার করে। এরপর মারতে মারতে তাকে থানায় নিয়ে যায়।
রাত ৯টায় তাদের জানানো হয় তার ভাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
যে স্থানে ফাঁস লাগানোর কথা বলা হচ্ছে তা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয় বলে দাবি করেন তার ভাই।
এদিকে তাহিরপুর থানার ওসি বজলে মাওলা জানান, মঙ্গলবার বিকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুটি মামলায় দীপলাল দাসকে গ্রেপ্তার করে জেল হাজতে রাখা হয়। রাত সাড়ে ৮টায় খাবার দিতে গিয়ে এক কনস্টেবল দেখেন বাথরুমের দরজায় শার্ট দিয়ে ফাঁস দেওয়া দীপলালের মৃতদেহ।
পুলিশ সুপার গোলাম কিবরিয়া ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানান।
জেলা প্রশাসক মো. ইয়ামিন চৌধুরী জানান, তাহিরপুরের ইউএনও আনোয়ার হোসেনকে দ্রুত সুরত হাল রিপোর্ট তৈরির কথা বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৫ ঘ.
bdnews24