২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের জ্বালানিভর্তি ট্যাংকলরিসহ আটক ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বিমানের প্রায় নয় হাজার লিটার চোরাই জ্বালানিভর্তি ট্যাংকলরিসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2011, 04:44 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বিমানের প্রায় নয় হাজার লিটার চোরাই জ্বালানিভর্তি ট্যাংকলরিসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার আঁটি হাউজিং এলাকা থেকে গ্রেপ্তার হন আনিছ ও আরজু মিয়া। তারা চোরাই তেল সিন্ডিকেট চক্রের সদস্য বলে র‌্যাব জানিয়েছে। র‌্যাব-১১ এর বিশেষ কোম্পানির এএসপি রবিউল হক জানান, গোপন খবর পেয়ে আঁটি হাউজিং এলাকায় নজরুলের চোরাই জ্বালানি তেলের আস্তানায় অভিযান চালায় র‌্যাব। এ সময় বিমানের ৯ হাজার লিটার চোরাই জ্বালানি তেলসহ একটি ট্যাংকলরিসহ দু’জনকে আটক করা হয়। তিনি জানান, জ্বালানি তেল চুরির সংঘবদ্ধ চক্রটি বিমানের তেলের সঙ্গে অন্যান্য ভেজাল তেল মিশ্রণ করে ব্যবসা করে আসছিল। সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল আলম মোল্লা বলেন, “বিমানের চোরাই জ্বালানি তেলসহ র‌্যাব দুইজনকে আটক করেছে শুনেছি। তবে এখনো র‌্যাবের পক্ষ থেকে কোনো মামলা বা তাদের থানায় হস্তান্তর করা হয়নি।” তিনি জানান, সিদ্ধিরগঞ্জের গোদনাইলে অবস্থিত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন মেঘনা ও পদ্মা অয়েল ডিপোকে কেন্দ্র করে চোরাই জ্বালানি তেল সিন্ডিকেট গড়ে ওঠে। এই ডিপো থেকে বাংলাদেশ বিমানের জ্বালানি তেল সরবরাহ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২২৩৪ ঘ.