২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যুদ্ধাপরাধের মুখোমুখিদের আইনি সহায়তা নিশ্চিত করুন’

যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ও বিচারের মুখোমুখি ব্যক্তিরা যেন যথাযথ আইনি সহায়তা পান, সেজন্য আইনমন্ত্রীসহ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশ সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ বিষয়ক অ্যাম্বাসেডর অ্যাট লার্জ স্টিফেন জে. র‌্যাপ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 03:27 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ও বিচারের মুখোমুখি ব্যক্তিরা যেন যথাযথ আইনি সহায়তা পান, সেজন্য আইনমন্ত্রীসহ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশ সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ বিষয়ক অ্যাম্বাসেডর অ্যাট লার্জ স্টিফেন জে. র‌্যাপ। সোমবার বিকেলে এ মার্কিন কূটনীতিক আইনমন্ত্রী শফিক আহমেদের সঙ্গে তার সচিবালয়ের কার্যালয়ে দেখা করে এ বিষয়ে হস্তক্ষেপ কামনা করেন। বৈঠক শেষে স্টিফেন র‌্যাপ সাংবাদিকদের বলেন, অভিযুক্ত ব্যক্তিরা যেন অন্য সাধারণ অপরাধীদের মতো সুযোগ-সুবিধা পান, সেজন্য মন্ত্রীর সহযোগিতা চেয়েছেন তিনি। বিচার প্রক্রিয়ার দুর্বলতাগুলোও দূর করতে তিনি সরকারকে বলেছেন। তিনি বলেন, “এ বিচার প্রক্রিয়ার শুরুতেই ১০টি বিষয়ে সংশোধনের জন্য আমরা বলেছিলাম। কিন্তু সরকার পাঁচটি বিষয়ে সংশোধন করেছে। বর্তমানে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এখন বিচারকরা কতটা নিরপেক্ষতার সঙ্গে বিচার করেন, তাই দেখার বিষয়। তবে আমরা চাই অভিযুক্তরা সুবিচার পাক।” পরে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, “এটি আন্তর্জাতি আইনের বিচার হলেও দেশীয় আদালতে হচ্ছে। কারণ কোনো অপরাধ দেশীয় ও আন্তর্জাতিক আইনে স্বীকৃত হলে তার বিচার দেশীয় আদালতেও করা সম্ভব।” মন্ত্রী বলেন, বিচার প্রক্রিয়ার কোনো অংশ নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে, সেজন্য সরকার সচেষ্ট রয়েছি এবং এ নিয়ে মার্কিন কর্মকর্তাকে আশ্বাস দিয়েছেন। বিচার প্রক্রিয়ায় সাক্ষীদের সুরক্ষা দিতে নতুন আইন প্রণয়নের কথা জানিয়ে তিনি বলেন, সাক্ষীদের নিরাপত্তার জন্য সরকার নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বর্তমানে প্রক্রিয়াধীন। তবে যুদ্ধাপরাধীদের বিচারে প্রণীত ট্রাইব্যুনালেই সাক্ষীদের সুরক্ষার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র এ বিচার প্রক্রিয়ার আইনজীবীদের প্রশিক্ষণ দেওয়ারও আশ্বাস দিয়েছে বলে জানান আইনমন্ত্রী। যুদ্ধাপরাধের অভিযোগে বিএনপির এক জন এবং জামায়াতে ইসলামীর শীর্ষ পাঁচ নেতা আটক রয়েছেন। ইতিমধ্যে জামায়াতের এক নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ নিয়ে বিচার চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২১২৪ ঘ.