২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝামেলা এড়াতে ডাকাতিতে হয় চুরির মামলা!

‘ঝামেলা এড়াতে’ সাভার ও আশুলিয়া থানা পুলিশ ডাকাতির অভিযোগ পেলেও নথিভুক্ত করছে চুরির মামলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 01:29 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

সেলিম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি সাভার, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘ঝামেলা এড়াতে’ সাভার ও আশুলিয়া থানা পুলিশ ডাকাতির অভিযোগ পেলেও নথিভুক্ত করছে চুরির মামলা। এলাকাবাসীর দাবি, গত ৩ অক্টোবর সাভারের বিরুলিয়া ইউনিয়নের ওয়ালিয়ায় একসঙ্গে তিন বাড়ি, ১৫ নভেম্বর আশুলিয়ার টংগাবাড়ী এলাকায় এক বাড়ি এবং গত শুক্রবার তেতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুরের গোয়ালপাড়া মহল্লায় একটি বাড়িতে ডাকাতি রয়েছে। এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডাকাতির মামলা নিলে আমাদের নানা ঝামেলা পোহাতে হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করতে হয়। তাই ঝামেলা এড়াতেই চুরির মামলা নথিভুক্ত করা হয়।” “তবে চুরির মামলাতেও লুট হওয়া মালামালের বিবরণ থাকে,” বলেন তিনি। এদিকে থানা চুরি হিসেবে দেখালেও ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম দুটি ঘটনাকে ডাকাতি বলে চিহ্নিত করেছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাভারে মাত্র দুটি ডাকাতি হয়েছে। একটি হেমায়েতপুরে, অপরটি বিরুলিয়া দেউল এলাকায়।” চুরির মামলা নথিভুক্ত করা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করে দেখিছি ডাকাতি। তাই চুরির মামলাটি ডাকাতির মামলায় রূপান্তরিত হবে, এটি নিশ্চিত থাকেন।” গত শনিবার রাতে পরিতোষের বাড়িতে হামলা প্রসঙ্গে তার ভাই মনতোষ মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা গুলি করে পালিয়ে গেছে। মামলা করতে গেলে পুলিশ চুরির মামলা দিতে বলে।” এর আগে বুধবার রাতে তার (মনতোষ মজুমদার) বাড়িতেও ডাকাতি হওয়ার দাবি করেন তিনি। এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জেরে পরিতোষ ও মনতোষ এ দুই ভাইয়ের বাড়িতে চুরি হয়েছে। ডাকাতি হয়নি।” তিনি আরো বলেন, “সাভারে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। দু-একটি চুরি হয়েছে।” আশুলিয়া ও সাভারে এই পর্যন্ত সংঘঠিত ডাকাতি কিংবা পুরির ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার হয়নি। কোনো মালামালও উদ্ধার করতে পারেনি পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৯২৪ ঘ.