নরসিংদী, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী সদরে নিজের মালিকানাধীন একটি হোটেল থেকে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে চিনিশপুর ইউনিয়নের সঙ্গীতা সিনেমা হল সংলগ্ন মায়ের দোয়া হোটেলে আব্দুর রাজ্জাকের (৩৮) লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
নিহতের ভাই আলামিন জানান, শনিবার রাতে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফেরেননি।
সোমবার দুপুরে তাদের বন্ধ থাকা হোটেলের সাটার খোলা দেখে আশপাশের লোকজন ভেতরে ঢুকে তার লাশ দেখে পুলিশকে জানায়।
নরসিংদী সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, লেপ মোড়ানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এ সময় নেশা জাতীয় কয়েকটি কুশিয়াম ও ইপাম ট্যাবলেটসহ একটি স্যাভলনের বোতলও পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭১২ ঘ.
bdnews24