ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফের পঞ্চম মৃত্যুবার্ষিকী সোমবার।
২০০৬ সালের এই দিনে ৬২ বছর বয়সে তিনি মারা যান।
মোহাম্মদ হানিফ ছাত্র জীবনে ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে রাজনীতি শুরু করেন। পরে ১৯৬৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সচিব থেকে জাতীয় রাজনীতিতে সক্রিয় থাকেন। তিনি একান্ত সচিব থাকাকালীন ছয় দফা আন্দোলনের প্রস্তুতি, ছয় দফা মুক্তি সনদ প্রণয়ন এবং প্রচারে বিশেষ ভূমিকা রাখেন।
১৯৬৯ এর গণ-অভ্যুত্থান, ’৭০-এর জাতীয় নির্বাচন, মুক্তিযুদ্ধ ও ’৯০-এর স্বৈরশাসনবিরোধী গণআন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
মৃত্যুবার্ষিকীতে ঢাকা মহানগর আওয়ামী লীগ, মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এক আলোচনা সভা আয়োজন করেছে।
মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্দ্যোগে আগামী ৫ ডিসেম্বর দুপুর ৩টায় কাজী বশির উদ্দিন নাট্যমঞ্চ মিলনায়তনে স্মরণ সভা আয়োজন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/২২০৫ ঘ.
bdnews24