২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কবিপত্নী জোহরা রাহমানের দাফন সম্পন্ন

কবি শামসুর রাহমানের স্ত্রী জোহরা রাহমানকে পুরান ঢাকার বেগম বাজারে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2011, 11:45 AM

Updated : 24 Aug 2022, 04:58 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কবি শামসুর রাহমানের স্ত্রী জোহরা রাহমানকে পুরান ঢাকার বেগম বাজারে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে মস্তিস্কে রক্তক্ষরণে মারা যান জোহরা। শনিবার দুপুরে শ্যামলী এসওএস শিশু পল্লী জামে মসজিদে জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হয় পুরান ঢাকায়। কবিপত্নীর মৃত্যুর খবরে শুক্র এবং শনিবার সাহিত্যিক, রাজনীতিবিদসহ বিশিষ্ট ব্যক্তিরা তাদের শ্যামলীর বাসায় ছুটে যান। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান তারা। মরহুমার নাতি দীপিতা জানান, ৭৭ বছর বয়সী জোহরা ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। বুধবার স্ট্রোক হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে সেখানেই মারা যান তিনি। জোহরা ১৯৩৩ সালের ৭ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন। শামসুর রাহমানের সঙ্গে তার বিয়ে হয় ১৯৫৫ সালে। ২০০৬ সালের ১৭ অগাস্ট মারা যান কবি শামসুর রাহমান। এই দম্পতির তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। জোহরা রাহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি। শনিবার সকালে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর অতিয়ার রহমান শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে কবির বাসায় যান। পরে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের পক্ষেও ফুলে তোড়া দিয়ে মরহুমার প্রতি শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানানো হয় বাংলা একাডেমীর পক্ষ থেকেও। শামসুর রাহমানের ভাগ্নে খাজা মানজার নাদিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কবিকে বনানী কবরস্থানে সমাহিত করা হলেও কবিপত্নীর ইচ্ছা অনুযায়ী তাকে বেগম বাজারে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সেখানেই সমাহিত আছেন জোহরার বাবা ও মা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এলএইচ/জেকে/১৭৩৬ ঘ.