চট্টগ্রাম, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশ ও ডাকাত দলের মধ্যে বন্দুকযুদ্ধে এক পুলিশ সদস্যসহ তিন জন আহত হয়েছে। ১১ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হাটহাজারী থানার দক্ষিণ মাদার্শা এলাকায় শুক্রবার রাত পৌনে ১১টার দিকে ওই বন্দুকযুদ্ধ হয় বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থল থেকে তিনটি অস্ত্র উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- নুরুজ্জামান জামাল, বদি আলম, মো. রশিদ আহমদ, মো. নুরুল আজিম, মো. সাদ্দাম হোসেন, সিরাজুল হক, মো. সেকান্দর, মো. সৈয়দ আলম, মো. জাহাঙ্গীর আলম, জয়নাল উদ্দিন ও মো. খোরশেদ আলম।
এর মধ্যে নুরুজ্জামান ও বদি গুলিবিদ্ধ হয়েছেন। বন্দুকযুদ্ধে হাটাহাজারী থানার পুলিশ কনস্টেবল মো. আশিকও গুলিবিদ্ধ হন।
অভিযানে নেতৃত্ব দেওয়া হাটাহাজারী সার্কেলের এএসপি বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে দক্ষিণ মাদার্শার বড়–য়াপাড়া এলাকায় গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র ডাকাতরা গুলি শুরু করে।
“এসময় পুলিশের পক্ষ থেকেও গুলি করা হয়। বন্দুকযুদ্ধে এক কনস্টেবল ও দুই ডাকাত আহত হন। ডাকাত দলের ১১ সদস্যকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়,” বলেন তিনি।
হাটহাজারী থানার ওসি মো. সামিউল আলম জানান, রাত পৌনে ১১টা থেকে প্রায় ২৫ মিনিট বন্দুকযুদ্ধ চলে। এসময় পুলিশ ১৩ রাউন্ড ও ডাকাতরা ২০- ২২ রাউন্ড গুলি ছোড়ে।
এ ঘটনায় থানায় ডাকাতি, অস্ত্র আইন ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে পৃথক তিনটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে ওসি বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ একটি দুই নলা বন্দুক, দুটি দেশি বন্দুক ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
আহত কনস্টেবল আশিকসহ গুলিবিদ্ধ তিন জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরআরডি/এমআই/১৫২৫ ঘ.
bdnews24