মাদারীপুর, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর উপজেলায় একটি বাড়িতে চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার রাতে শিবচরের সন্ন্যাসীচর ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত কাদির খলিফা ওরফে কাদির চোরা (৩৫) ওই গ্রামের বাসিন্দা। স্থানীয়রা তাকে চোর হিসেবে চেনে।
শিবচর থানার ওসি মো. আবদুর রাজ্জাক সাংবাদিকদের জানান, রাত ১১টার দিক গ্রামের কালাম মাদবরের ঘরের বেড়া কেটে ঢুকে পড়ে কাদির। এসময় গৃহকর্ত্রী তার উপস্থিতি টের পেয়ে চিৎকার শুরু করে।
“চিৎকার শুনে গ্রামবাসী মানুষ ছুটে এলে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয় কাদির। এসময় স্থানীয়রা কাদির চোরকে ধরে ব্যাপক পিটুনি দেয়।”
খবর পেয়ে শিবচর থানার এসআই উৎপল সাহার নেতৃত্বে পুলিশের একটি দল কাদিরকে উদ্ধার করে। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া কর্তব্যরত চিকিৎসক কাদিরকে মৃত ঘোষণা করেন বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৪৫০ ঘ.
bdnews24