রংপুর, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের পীরগঞ্জ উপজেলায় বর্ডার গার্ডস বাংলাদেশের (বিজিবি) একটি পিকআপ উল্টে দুই হাবিলদারের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ১১ বিজিবি সদস্য।
পীরগঞ্জ থানার ওসি রওশন মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকাল সোয়া ৮টার দিকে কলাবড়ি এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিলদার আব্দুর রউফ ও আবুল কালাম বিজিবি রংপুর সেক্টরে কর্মরত ছিলেন। তাদের দুজনেরই বয়স আনুমানিক ৪৫ বছর।
আহতদের রংপুর সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওসি রওশন।
তিনি জানান, রংপুর সেক্টর সদর দপ্তর থেকে একটি পিকআপে করে ঢাকায় যাচ্ছিলেন ওই বিজিবি সদস্যরা।
“পীরগঞ্জের কলাবাড়ি এলাকায় একটি চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পুলিশ।”
আহতদের প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর সিএমএইচে নিয়ে যাওয়া হয় বলে জানান রওশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১১৪৫ ঘ.
bdnews24