ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখ প্রকল্প নিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সরকারের মধ্যে সমন্বয়হীনতা নেই বলে মনে করছেন ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক জাসদের সভাপতি হাসানুল হক ইনু।
শুক্রবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “টিপাইমুখের ব্যাপারে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সরকারের অভ্যন্তরীণ সমন্বয়হীনতা দূর করা উচিত। এই বিষয়ে পানিসম্পদ মন্ত্রণালয় এক ধরনের বক্তব্য দিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় আরেক ধরনের বক্তব্য দিয়েছে।”
“যদিও পরবর্তীতে প্রধানমন্ত্রী সংসদে সেটা স্পষ্ট করেছেন,” যোগ করেন তিনি।
বরাক নদীর ওপরে টিপাইমুখে বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে মনিপুর রাজ্য সরকারের বিনিয়োগ চুক্তির খবর গত ১৮ নভেম্বর বিবিসি প্রকাশ করলে তা নিয়ে নতুন করে আলোচনা উঠে; বাংলাদেশে দেখা দেয় উদ্বেগ-উৎকণ্ঠা।
বিবিসির প্রতিবেদন প্রকাশের পর পররাষ্ট্র মন্ত্রণালয় টিপাইমুখ প্রকল্পের বিষয়ে ব্যাখ্যা চেয়ে নয়া দিল্লিতে চিঠি পাঠায়। তার জবাবে দিল্লি বলেছে, টিপাইমুখে বাঁধ হলেও পানি প্রত্যাহার হবে না। ফলে বাংলাদেশ এতে ক্ষতিগ্রস্ত হবে না।
তবে ইনু মনে করেন, আশ্বাস দিয়ে পুনরায় প্রকল্প নিয়ে এগিয়ে গিয়ে ভারত ‘বিশ্বাসভঙ্গে’র কাজ করেছে।
তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঘোষণার পর এ ধরনের সিদ্ধান্ত আমাদেরকে হতভম্ব করে দিয়েছে। এটি অনেকখানি বিশ্বাসভঙ্গের সামিল।”
“ভারত কোনো সময় অনীহা, কোনো সময় নীরবতা, কোনো সময় রহস্যজনক আচরণ করছে। আগে আমাদের আস্থার জায়গাটা তৈরি করতে হবে, বিশ্বাসযোগ্যতার জায়গা তৈরি করতে হবে,” বলেন জাসদ সভাপতি।
টিপইমুখে বাঁধ বা অন্য যে কোনো স্থাপনা নির্মাণের আগে বরাক নদীর পানি প্রবাহ নিয়ে বাংলাদেশ-ভারতের যৌথ সমীক্ষার দাবি জানান ইনু।
বাঁধের কারণে বাংলাদেশের সম্ভাব্য ক্ষতির সমীক্ষা চালিয়ে তা প্রকাশ করতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
‘ভারত সরকার কর্তৃক একতরফাভাবে টিপাইমুখ বাঁধ নির্মাণের সিদ্ধান্ত :বাংলাদেশের করণীয়’ শীর্ষক এ সভায় ড. কাজী খলীকুজ্জমান বলেন, “বাঁধ নির্মাণ হলেও নির্মাণ প্রক্রিয়া কেমন হবে, পানি কখন ছাড়া হবে কিংবা কখন বন্ধ থাকবে- এসব ক্ষেত্রে লাভ-ক্ষতির হিসাবটা এখন পর্যন্ত আনুমানিক। এ বিষয়ে ওই পক্ষ (ভারত) থেকে কোনো ধরনের অফিসিয়াল বক্তব্য নেই। আমরা তথ্য চাই।”
জাসদের কার্যকরী সভাপতি মঈনুদ্দীন খান বাদল টিপাইমুখ প্রকল্পের বিষয়ে রাজনৈতিক মতৈক্য প্রতিষ্ঠার ওপর জোর দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/০০২৫ ঘ.
bdnews24