ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সঙ্গীত জীবনের ৫০ বছরে আরো একটি সম্মাননা পেলেন কণ্ঠশিল্পী আব্দুল জব্বার।
শুক্রবার টাঙ্গাইলে যমুনা নদীর পূর্ব তীরে ‘সপ্তম সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে’ এ সঙ্গীতশিল্পীর হাতে সম্মাননাপত্র তুলে দেওয়া হয়। সেই সঙ্গে দেওয়া হয় এক লাখ টাকার একটি চেক।
সম্মাননা পেয়ে আবেগাপ্লুত আব্দুল জব্বার বলেন, “সঙ্গীত জীবনের ৫০ বছর পাড়ি দিলেও আজীবন আমি সঙ্গীত সাধনা করে যাবো।”
এবারের এই আয়োজনের প্রতিপাদ্য হলো ‘স্বাধীনতার সুরে ৪০ বছর’। আব্দুল জব্বার বলেন, “বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযুদ্ধে যাই, যুদ্ধ করি।”
চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহ্বুব চৌধুরী যখন আব্দুল জব্বারের হাতে সনদ তুলে দেন, তখন উপস্থিত সব দর্শক দাঁড়িয়ে তার প্রতি শ্রদ্ধা জানায়।
‘মিউজিক অ্যাওয়ার্ডস’ প্রদান অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধ বিষয়ক নাটিকা পরিবেশিত হয়। এরপর দেশের প্রবীণ ও নবীন শিল্পীরা দেশাত্মবোধক গান গেয়ে শোনান। গান শোনান স্বাধীন বাংলা বেতারের এক দল শিল্পীও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএস/এমআই/২২৩৫ ঘ.
bdnews24